হলমার্ক কেলেঙ্কারির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সোনালী ব্যাংকের দুই উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আতিকুর রহমান ও মইনুল হককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে গতকাল মঙ্গলবার এ আদেশ দেওয়া হয়।এই দুজনের চাকরি এখন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে ন্যস্ত করা হয়েছে। উভয়ের বিরুদ্ধেই বিভাগীয় মামলা করা হবে বলেও আদেশে উল্লেখ করা হয়।যোগাযোগ করা হলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারী প্রথম আলোকে বলেন, ‘জনগণের টাকা ব্যাংকে ফেরত আসতে হবে। সে ব্যবস্থাই নেওয়া হচ্ছে।’অন্যদিকে মইনুল হক এই প্রতিবেদককে বলেন, ‘আমাকে ভুলভাবে হলমার্ক কেলেঙ্কারির সঙ্গে যুক্ত করা হয়েছে।’ তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু না বলে সরকারের কাছেই জবাব দেবেন বলে জানান। আর আতিকুর রহমান গতকাল সন্ধ্যায় ফোনে জানান, তিনি শারীরিক অসুস্থতার কারণে ডাক্তারের কাছে রয়েছেন। তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারছেন না।এদিকে, রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের সদস্যদের মেয়াদ সরকার-নির্ধারিত সময়ের বেশি হবে না উল্লেখ করে গতকাল একটি চিঠি পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।কাল বৃহস্পতিবার অনুষ্ঠেয় সোনালী ব্যাংক লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) সামনে রেখে গতকাল এই সিদ্ধান্ত জানিয়ে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোকে চিঠি পাঠানো হয়। চিঠি দেওয়া হয়েছে সোনালী, জনতা ও অগ্রণী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং রূপালী, বেসিক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) এমডির কাছে।এমডিকে দুদকের জিজ্ঞাসাবাদ: হলমার্কের অর্থ কেলেঙ্কারির দায় অস্বীকার করেছেন সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হুমায়ুন কবীর। তিনি বলেছেন, ‘আমার এক সুতা পরিমাণও দোষ নেই।’হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় হুমায়ুন কবীরকে গতকাল জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। টানা ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে এলে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন তিনি। হুমায়ুন কবীর হলমার্কের আর্থিক দুর্নীতির সময় সোনালী ব্যাংকের এমডি ছিলেন।দুদকের অনুসন্ধান ও তদন্ত বিভাগ সূত্র প্রথম আলোকে জানায়, হলমার্কের কাছ থেকে কোনো ধরনের সুযোগ-সুবিধা পেয়ে অর্থ আত্মসাতে সাহায্য করেছেন কি না, সেসব বিষয়ে সাবেক এমডিকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসা করা হয়, এই বিপুল পরিমাণ অর্থ জালিয়াতির বিষয়ে সরকারি উচ্চপর্যায়ের কোনো চাপ ছিল কি না বা কারও কাছ থেকে কোনো নির্দেশ পেয়ে এ ধরনের কাজে এমডি ভূমিকা রেখেছেন কি না।তদন্ত বিভাগ সূত্র আরও জানায়, সাবেক এমডি নিজেকে নির্দোষ দাবি করেছেন। তবে তাঁর বক্তব্যেই অনেক গরমিল রয়েছে। নথিপত্রের সঙ্গে তাঁর বক্তব্য যাচাই-বাছাই করা হবে।দুদকের উপপরিচালক মীর মো. জয়নাল আবেদীনের নেতৃত্বে ছয় সদস্যের তদন্ত কমিটি তাঁকে বিভিন্ন পর্যায়ে জিজ্ঞাসাবাদ করে।দুদক কার্যালয়ের উল্টো দিকে একটি আবাসিক ভবনের পার্কিংয়ে হুমায়ুন কবীরের গাড়ি রাখা ছিল। জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে তিনি সেদিকেই যান। এ সময় গাড়ির সামনে দাঁড়িয়ে তাঁর পথ রোধ করেন এক শিক্ষক। হাসান উর রহমান নামের ওই শিক্ষক তখন তাঁকে উদ্দেশ করে চিৎকার করে বলেন, ঘুষখোর ও দুর্নীতিবাজ। তিনি চিৎকার করে বলতে থাকেন, ‘এঁরাই হলমার্ককে সরকারি অর্থ দিয়ে আমাদের জমি দখল করতে উৎসাহিত করেছেন।’জামালপুর শহীদ জিয়া কলেজে নয় বছর ধরে শিক্ষকতা করছেন হাসান উর রহমান। তিনি উপস্থিত সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, হেমায়েতপুরের জনতা হাউজিংয়ে তাঁর পৈতৃক সম্পত্তি পাঁচ কাঠা জমি হলমার্ক গ্রুপ দখল করে নিয়েছে। এখন ওই জমিতে গেলেই হলমার্কের লোকেরা হুমকি দেন।আরও দুই কর্মকর্তা ওএসডি: গতকাল সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের জরুরি বৈঠক শেষে ব্যাংকের এমডি প্রদীপ কুমার দত্ত সাংবাদিকদের জানান, ভুয়া ঋণপত্রের মাধ্যমে সোনালী ব্যাংক থেকে আত্মসাৎ করা অর্থের অর্ধেক ১৫ দিনের মধ্যে ফেরত দিতে হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালককে একটি চিঠি দেওয়া হয়েছে। বাকি অর্থের জন্য জমি বন্ধক রাখতেও বলা হয়েছে। যথাসময়ে অর্থ পরিশোধ না করলে গ্রুপটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এমডি জানান, বাংলাদেশ ব্যাংক বিভিন্ন পর্যায়ের ৩১ জন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছিল। আইন অনুযায়ী ব্যাংকের এমডি উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। আর মহাব্যবস্থাপকের (জিএম) বিরুদ্ধে ব্যবস্থা নিতে পর্ষদের এবং ডিএমডিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অর্থ মন্ত্রণালয়ের অনুমতি লাগে। এরই মধ্যে ২১ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিভিন্ন পর্যায়ের সাতজন কর্মকর্তা অবসরে গেছেন। এ ছাড়া, ঢাকা জিএম অফিসের দুজন জিএম ননি গোপাল নাথ ও মীর মহিদুর রহমানের বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার পর্ষদ সভায় সিদ্ধান্ত হবে। তবে এর আগ পর্যন্ত তাঁদের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে গতকালের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।