সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদকে তলব করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে হলমার্ককে দেওয়া দুই হাজার ৬৬৮ কোটি টাকার ঋণ কেলেঙ্কারি তদন্তে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদকে তলব করতে যাচ্ছে অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় উপকমিটি। আজ রোববার এ বিষয়ে সংসদ থেকে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং শাখায় চিঠি পাঠানো হতে পারে।একই সঙ্গে হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ এবং তাদের সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তাদেরও তদন্ত কমিটির বৈঠকে তলব করা হচ্ছে।হলমার্কের ঋণ কেলেঙ্কারি তদন্তে গঠিত সংসদীয় উপকমিটির প্রধান তাজুল ইসলাম গতকাল শনিবার প্রথম আলোকে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। সংসদ সচিবালয় সূত্র জানায়, উপকমিটি আগামী ২ অক্টোবর মঙ্গলবার সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদকে জিজ্ঞাসাবাদ করবে। বুধবার জিজ্ঞাসাবাদ করবে হলমার্কের কর্মকর্তাদের।সোনালী ব্যাংকের ১১ সদস্যের পরিচালনা পর্ষদের মধ্যে সাতজনের মেয়াদ শেষ হয়েছে ৯ সেপ্টেম্বর। তাঁরা হলেন: সুভাষ সিংহ রায়, কে এম জামান, কাশেম হুমায়ুন, সাইমুম সারওয়ার, সত্যেন্দ্র চন্দ্র ভক্ত, জান্নাত আরা হেনরী ও আনোয়ার শহীদ। চেয়ারম্যান কাজী বাহারুল ইসলাম এবং পরিচালক সহিদ উল্লা ও এ এস এম নাঈম এখনো স্বপদে বহাল আছেন। এ ছাড়া পদাধিকারবলে পরিচালক পদে আছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। সংসদ সচিবালয় সূত্র জানায়, এঁদের সবাইকে মঙ্গলবারের বৈঠকে উপস্থিত থাকতে বলা হবে।এর আগে অনুষ্ঠিত তিনটি বৈঠকে সংসদীয় উপকমিটি সোনালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখার বরখাস্ত হওয়া কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করেছে। ২৫ সেপ্টেম্বর উপকমিটি সরেজমিনে সোনালী ব্যাংকের কেন্দ্রীয় এবং রূপসী বাংলা শাখা পরিদর্শন করে। তিনটি বৈঠকের কার্যবিবরণী থেকে জানা গেছে, কমিটির জিজ্ঞাসাবাদে সোনালী ব্যাংক রূপসী বাংলা শাখার কর্মকর্তারা বিভ্রান্তিমূলক তথ্য দিয়েছেন। তাঁদের একজনের বক্তব্যের সঙ্গে অন্যজনের বক্তব্যের মিল নেই। বেশির ভাগ কর্মকর্তাই জানিয়েছেন, তাঁদের সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কখনো রূপসী বাংলা শাখা পরিদর্শন করেছে কি না, তা তাঁদের জানা নেই। কমিটির পর্যবেক্ষণে বলা হয়েছে, এ ধরনের বক্তব্য অগ্রহণযোগ্য। বৈঠকের কার্যবিবরণী সূত্র জানায়, রূপসী বাংলা শাখার সাবেক উপমহাব্যবস্থাপক এ কে এম আজিজুর রহমান হলমার্ককে ক্ষমতাবহির্ভূতভাবে ঋণ দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। শাখার সাবেক সহকারী মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম জানিয়েছেন, তিনি নির্দেশিত হয়ে সার্বিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন। তাঁর সময়কালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কখনো তাঁদের শাখা অফিস পরিদর্শন করেছেন কি না, তা তাঁর জানা নেই।রূপসী বাংলা শাখায় কাজ করতে আসা বাংলাদেশ ব্যাংকের অডিট দলকে ফেরত পাঠানো বা তাদের কাজে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন সাবেক উপমহাব্যবস্থাপনা পরিচালক মাইনুল হক। অডিটের বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে নির্দেশনা থাকলেও সে সম্পর্কিত চিঠি তাঁকে দেওয়া হয়নি বলে তিনি জানান। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস এম মনিরুজ্জামান বৈঠকে বলেছেন, শাখা ব্যবস্থাপক নিজ দায়িত্বে বিপুল অঙ্কের ঋণ দিতে পারেন না। এর সার্বিক দায়দায়িত্ব ব্যবস্থাপনা পরিচালক এবং উপব্যবস্থাপনা পরিচালকের ওপর বর্তায়। তদন্ত কমিটির পর্যবেক্ষণে বলা হয়েছে, ২০০৯ সালে রূপসী বাংলা শাখার লক্ষ্যমাত্রা বাড়িয়ে দেওয়া ঠিক হয়নি। এতে কর্মকর্তারা অনৈতিক কাজে উৎসাহিত হয়েছেন। শাখা পর্যায়ে ঋণ বিতরণে কোনো তদারকি ছিল না। এর দায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের। ছোট শাখা হিসেবে রূপসী বাংলা শাখার ১০০ কোটি টাকার ঋণ অনুমোদন করার ক্ষমতাও নেই। অথচ কর্মকর্তারা অসৎ উদ্দেশ্যে ক্ষমতাবহির্ভূতভাবে কয়েক হাজার কোটি টাকা ঋণ দিয়েছেন হলমার্ককে।