সোনালী ব্যাংকের ব্যবস্থাপকসহ ১২ কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জে সোনালী ব্যাংকের জেলা প্রধান শাখা ভবনে যেতে নিকটবর্তী বাড়ির নিচতলায় তৈরি করা সুড়ঙ্গপথ। এখান থেকে ব্যাংকের নিচতলার ভল্টে ঢুকতে তৈরি করা হয় ১০০ গজ  সুড়ঙ্গপথ ।  ছবি: প্রথম আলো
কিশোরগঞ্জে সোনালী ব্যাংকের জেলা প্রধান শাখা ভবনে যেতে নিকটবর্তী বাড়ির নিচতলায় তৈরি করা সুড়ঙ্গপথ। এখান থেকে ব্যাংকের নিচতলার ভল্টে ঢুকতে তৈরি করা হয় ১০০ গজ সুড়ঙ্গপথ । ছবি: প্রথম আলো

কিশোরগঞ্জে সোনালী ব্যাংকের জেলা প্রধান শাখা থেকে ১৬ কোটি টাকা চুরির ঘটনায় ব্যবস্থাপক মো. হুমায়ুন কবীর ভূঁঞা, যুগ্ম জিম্মাদার মো. মোহসিনুল হক, হাসান আহম্মদ মঈনসহ ব্যাংকের ১২ জন কর্মকর্তা ও কর্মচারীকে আজ সোমবার আটক করেছে পুলিশ।
কিশোরগঞ্জের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. শাহেনশাহ মাহমুদ প্রথম আলোকে জানান, জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ছাড়া একই কারণে আরও ছয়জনকে শহরের বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়েছে।
এদিকে আজ সকাল থেকে ওই ব্যাংকের কার্যক্রম বন্ধ রয়েছে। কর্মকর্তা-কর্মচারী না থাকায় ব্যাংক সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক এ কে এম ফজলুল হক জানান।
এ ঘটনায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শাহজাহানের নেতৃত্বে ১৫ সদস্যের একটি বিশেষ দল তদন্তকাজ শুরু করেছে। ইতিমধ্যে দলটি সুড়ঙ্গ পথসহ ঘটনাস্থল থেকে পাওয়া উপাদান সংগ্রহ করে তদন্তকাজ চালিয়ে যাচ্ছে।
সিআইডির এএসপি মো. শাহজাহান প্রথম আলোকে জানান, চারটি টুপি (ক্যাপ), দুটি মুখোশ (মাস্ক) ডিএনএ পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে। আরও কিছু বিষয় ও আলামত তাঁদের কাছে রয়েছে। তবে তদন্তের স্বার্থে এই মুহূর্তে এর বেশি কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি। এএসপি শাহজাহান আরও বলেন, সিলেট থেকে সিআইডির আরও একটি দল তদন্ত করতে তাঁদের সঙ্গে যোগ দিয়েছে।

টাকা লুটের খবর পেয়ে সকাল থেকেই হাজারো মানুষ ও গ্রাহক ব্যাংকে ভিড় জমাচ্ছেন। তাঁদের ভিড় সামলাতে পুলিশকে হিমশিম খেতে হচ্ছে। এতে তদন্তকাজের ব্যাঘাত ঘটছে বলে পুলিশের একাধিক সূত্র জানিয়েছে।

এ ঘটনায় গতকাল রাত ১২টার পর অজ্ঞাতসংখ্যক দুর্বৃত্তকে আসামি করে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন ব্যাংকের উপমহাব্যবস্থাপক শেখ মো. আমানুল্লাহ।

টাকা চুরি ও  লুটের ঘটনায় সোনালী ব্যাংকের উপমহাব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত দল ঢাকা থেকে গেছে।

তদন্ত দলের সদস্য মহাব্যবস্থাপক মো. হাসান ইকবাল প্রথম আলোকে জানান, দেশের ব্যাংকিং ইতিহাসে এমন চাঞ্চল্যকর ও দুঃসাহসিক টাকা চুরির ঘটনা এর আগে কখনো ঘটেনি। তিনি জানান, সার্বিক বিষয় খতিয়ে দেখে তদন্ত প্রতিবেদন তৈরি করবেন তাঁরা।

কিশোরগঞ্জের সোনালী ব্যাংকে দীর্ঘ সুড়ঙ্গ খুঁড়ে চোরের দল ব্যাংকের স্ট্রং রুমের ভল্টে ঢুকে ১৬ কোটি ৪০ লাখ টাকা লুটে নিয়ে যায়। কর্মকর্তা-কর্মচারীরা গতকাল ব্যাংকে গিয়ে অর্থ লুটের ঘটনাটি বুঝতে পারেন। শাখাটির নিরাপত্তায় সার্বক্ষণিক পুলিশ পাহারার মধ্যে এই ‘অভিনব ও দুঃসাহসিক’ চুরির ঘটনাটি ঘটেছে।