সোনালী ব্যাংকের মহিপাল শাখার সেই ব্যবস্থাপক চাকরিচ্যুত
ক্ষুদ্র ও মাঝারি ঋণের (এসএমই) নামে সাত কোটি টাকা লোপাটের অভিযোগ ওঠা সোনালী ব্যাংকের ফেনীর মহিপাল শাখার সেই ব্যবস্থাপক মো. আবুল কাশেমকে সম্প্রতি চাকরিচ্যুত করা হয়েছে। এর আগে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।আবুল কাশেম মহিপাল শাখার ব্যবস্থাপক থাকাকালে ২০১১ সালের সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত মাত্র তিন মাসের মধ্যে এসএমই খাতে সাত কোটি এবং উন্মেষ প্রকল্পের অধীনে ৫৩ লাখ টাকা ঋণ দেন। অথচ ওই শাখায় এসএমই খাতে চার কোটি এবং উন্মেষ প্রকল্পে ১৬ লাখ টাকা ঋণসীমা নির্ধারিত ছিল। এই বিপুল টাকা ঋণ দেওয়ার ক্ষেত্রে জালিয়াতির আশ্রয় নেওয়া হয়। জালিয়াতির অভিযোগ ওঠার পর আবুল কাশেমকে গত বছরের জুন মাসে সোনালী ব্যাংক ফেনীর মহিপাল শাখা থেকে নোয়াখালী শাখায় বদলি করা হয়। এরপর ৪ জুলাই তাঁর বিরুদ্ধে অভিযোগনামা জারি করা হয়। এসএমই ঋণের নামে টাকা লোপাটের ঘটনা নিয়ে গত বছরের ১৭ ডিসেম্বর প্রথম আলোতে সংবাদ প্রকাশিত হয়। এরপর আবুল কাশেমকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয় এবং তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয়।ব্যাংক সূত্রে জানা যায়, অভিযোগ তদন্তে ব্যাংকের প্রধান কার্যালয় থেকে দুটি তদন্ত করা হলে ফেনী আঞ্চলিক কার্যালয় থেকে আবুল কাশেমের বিরুদ্ধে একটি অভিযোগ গঠন করা হয়। এরপর আরও দুটি তদন্ত করা হয়। অভিযোগের ব্যাপারে তাঁর ব্যক্তিগত জবাব চাওয়া হয়। ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিনে তদন্ত শুরু করেন। তদন্তে বেরিয়ে এসেছে আবুল কাশেমের অনিয়ম দুর্নীতির ভয়াবহ চিত্র।তদন্ত শেষে ১০ এপ্রিল ব্যাংকের প্রধান কার্যালয়ের শৃঙ্খলা ও আপিল বিভাগ থেকে আবুল কশেমকে চাকরিচ্যুত করার বিষয়ে যে চিঠি ইস্যু করা হয়েছে, তাতে দেখা গেছে, তিনি যে ১৬৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে ঋণ দিয়েছেন, এর বেশির ভাগই ভুয়া ও অস্তিত্বহীন। অভিযোগ প্রমাণিত হওয়ায় ব্যাংক কর্মচারী বিধিমালা ১৯৯৫ অনুযায়ী তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে। একই সঙ্গে তাঁকে ব্যাংকের যাবতীয় পাওনা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।