সোনালী ব্যাংকের শাখা নেই পেকুয়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উপকূলীয় উপজেলা পেকুয়ায় রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের শাখা না থাকায় প্রায় তিন লাখ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। পেকুয়া উপজেলা প্রতিষ্ঠার নয় বছর পেরিয়ে গেলেও জনতা ব্যাংক ছাড়া এখানে অন্য কোনো ব্যাংক স্থাপন হয়নি। ফলে সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকদের বেতনভাতা উত্তোলনসহ বিভিন্ন পেশার লোকজনকে প্রায় ৪০ কিলোমিটার দূরে পাশের উপজেলা চকরিয়ার সোনালী ব্যাংকে গিয়ে প্রয়োজনীয় কাজ সারতে হচ্ছে। পেকুয়ার লবণচাষি গিয়াস উদ্দিন বলেন, ১৫ অক্টোবর মাছ ও লবণ বিক্রির পাঁচ লাখ টাকা পেকুয়া থেকে ব্যাংকে জমা করার জন্য চকরিয়ায় নিয়ে যাওয়ার সময় তিনি দুর্বৃত্তদের কবলে পড়েন। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসায় তিনি রক্ষা পান। নগদ টাকা নিয়ে পেকুয়া থেকে চকরিয়ায় আসা-যাওয়া বেশ ঝুঁকিপূর্ণ। তাই পেকুয়ায় সোনালী ব্যাংকের শাখা স্থাপন জরুরি।পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-ই খাজা আলামীন বলেন, ‘আমার আগের ইউএনও পেকুয়ায় সোনালী ব্যাংকের শাখা স্থাপনে সংশ্লিষ্ট দপ্তরে একটি প্রস্তাব পাঠিয়েছিলেন। এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি।’