হল-মার্ক গ্রুপের অর্থ কেলেঙ্কারির ঘটনায় সোনালী ব্যাংকের বরখাস্ত হওয়া সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. কামরুল হোসেন খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে নিজ গ্রাম চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঘোড়াধারী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, কামরুল হোসেনকে (৫৯) দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাঁর পরিবার ঢাকার রামপুরায় থাকে। রাষ্ট্রায়ত্ত সোনালীসহ আরও কয়েকটি ব্যাংক থেকে হল-মার্ক প্রায় চার হাজার কোটি টাকা ঋণ নিয়ে তা আত্মসাৎ করার অভিযোগে দুদকের করা ১৯টি মামলার পরোয়ানাভুক্ত আসামি ছিলেন কামরুল। গ্রেপ্তার এড়াতে কয়েক বছর ধরে আত্মগোপনে ছিলেন তিনি।
মতলব দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তারের পর কামরুল হোসেনকে গতকাল বিকেলে চাঁদপুর বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।