সোনালী ব্যাংকের সাবেক দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা
নারায়ণগঞ্জে সোনালী ব্যাংক লিমিটেডের সাবেক মহিলা শাখার দুই কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে জাল দলিল ও হলফনামার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে।গতকাল মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলাটি করেন নারায়ণগঞ্জ শহরে সোনালী ব্যাংকের বৈদেশিক বিনিময় শাখার (সাবেক মহিলা শাখা) জ্যেষ্ঠ কর্মকর্তা রতন কুমার দত্ত।মামলার এজাহারে বলা হয়েছে, নারায়ণগঞ্জের সনাতন পাল লেনে সোনালী ব্যাংকের সাবেক মহিলা শাখায় ২০০৪ সালের ৭ ও ২৫ সেপ্টেম্বর জাল আমমোক্তারনামা দলিল ও জাল হলফনামার মাধ্যমে ছয় লাখ ১৯ হাজার ৮৮৭ টাকা আত্মসাৎ করেন মেসার্স সেলিম স্টোরের মালিক মো. সেলিম। তাঁকে এই কাজে সহায়তা করেন ওই শাখার সাবেক ব্যবস্থাপক আবদুস সামাদ ও সাবেক কর্মকর্তা মো. হানিফ।নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক বলেন, মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এত দিন পর মামলার কারণ এবং বাদী ও আসামিদের বক্তব্য জানা সম্ভব হয়নি।