সোনালী ব্যাংকের ৭ কর্মকর্তাকে দুদকে তলব
সোনালী ব্যাংকের নয়টি শাখা থেকে জালিয়াতির মাধ্যমে সাত হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ অনুসন্ধানের সাক্ষী হিসেবে বক্তব্য দিতে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সাত কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদুক)।
আজ রোববার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা প্রদীপ কুমার দত্তের কাছে সাতজনের তালিকাসহ নোটিশ পাঠানো হয়। ১০ ও ১১ নভেম্বর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাঁদের হাজির হতে বলা হয়েছে। এ সাত কর্মকর্তা হলেন: খন্দকার আবদুল ওয়াকিব, সুকুমার রায়, জসিম উদ্দিন খান, মো. আনিসুজ্জামান, বিপ্লব ভূষণ বক্সি, মো. মুনজুর রহমান ও মো. আজাদুল হক।
ব্যাংকটির যে নয়টি শাখা থেকে জালিয়াতির অভিযোগ রয়েছে সেগুলো হলো, মতিঝিলে অবস্থিত বৈদেশিক বাণিজ্য শাখা, লোকাল অফিস, বঙ্গবন্ধু অ্যাভিনিউ করপোরেট শাখা, হোটেল শেরাটন করপোরেট শাখা, আগারগাঁও শাখা, গুলশান শাখা, চট্টগ্রামের লালদীঘি করপোরেট শাখা, আগ্রাবাদ করপোরেট শাখা ও নারায়ণগঞ্জ করপোরেট শাখা।
দুদক সূত্রে জানা গেছে, সোনালী ব্যাংকের শাখাগুলোতে নিরীক্ষা চলাকালে পরিদর্শন ও মনিটরিং সেলের এ সাতজন কর্মকর্তা দুর্নীতি ও জালিয়াতির বিষয়টি কর্তৃপক্ষের গোচরে আনেন।
সাত হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগটি অনুসন্ধান করছে দুদকের জ্যেষ্ঠ উপপরিচালক মীর জয়নুল আবেদীন ওরফে শিবলীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল। এ অনুসন্ধানের অংশ হিসেবে এর আগে ব্যাংকটির স্থানীয় শাখার ১১ কর্মকর্তাকে গত মাসের ২৮ ও ২৯ তারিখে জিজ্ঞাসাবাদ করা হয়। এঁরা হলেন: ব্যাংকটির স্থানীয় শাখার বৈদেশিক বিনিময় বিভাগের (রপ্তানি শাখা) মহাব্যবস্থাপক এম এ বাতেন, উপমহাব্যবস্থাপক হোসনে আরা বেগম, রপ্তানি শাখার উপমহাব্যবস্থাপক ফারজানা চৌধুরী, সহকারী মহাব্যবস্থাপক মো. আমিরুদ্দিন, সিনিয়র প্রিন্সিপাল অফিসার সাখাওয়াত হোসেন খান, জ্যেষ্ঠ কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম, নাজমুল আলম, জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা আশরাফুল হায়দার চৌধুরী, কাজী এনামুল হক, জ্যেষ্ঠ কর্মকর্তা মিজানুর রহমান ও সহকারী কর্মকর্তা মমিন ভূঁইয়া।