সোনালী ব্যাংকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব
সোনালী ব্যাংকের ৯টি শাখা থেকে জালিয়াতির মাধ্যমে ৭ হাজার কোটি টাকা দুর্নীতি ও লুটপাটের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য ব্যাংকটির চট্টগ্রামের লালদিঘি করপোরেট শাখার ৯ কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার সংশ্লিষ্ট কর্মকর্তাদের তলবি নোটিশ পাঠিয়েছেন অনুসন্ধান দলের প্রধান ও দুদকের উপপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী।
দুদক সূত্র জানায়, সোনালি ব্যাংকের ৯টি শাখায় ৭ হাজার কোটি টাকার দুর্নীতি ও লুটপাটের অভিযোগ গত বছরের আগস্টে অনুসন্ধান শুরু হয়। এ পর্যন্ত ৮টি শাখার কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে। বাকি ছিল চট্টগ্রামের লালদিঘি ময়দান করপোরেট শাখা।
শাখাটিতে ওই সময় দায়িত্বে ছিলেন উপমহাব্যবস্থাপক এসএম বেলায়েত হোসেন, সহকারী মহাব্যবস্থাপক রনজিত কুমার দাশ, কর্মকর্তা সালেহউদ্দিন, জিনাত রেহেনা, মাহবুবুল হক, মাশুক আলী, সুভাষ কুমার চৌধুরী, মং হলা চিং ও নূরুল আলম। তলবি নোটিশে তাঁদের আগামী ৮ ও ৯ জুলাই দুদকে হাজির থাকতে বলা হয়েছে।
সূত্র মতে, ব্যাংকটির যে নয়টি শাখা থেকে জালিয়াতির অভিযোগ রয়েছে সেগুলো হলো, মতিঝিলে অবস্থিত বৈদেশিক বাণিজ্য শাখা, লোকাল অফিস, বঙ্গবন্ধু অ্যাভিনিউ করপোরেট শাখা, হোটেল শেরাটন করপোরেট শাখা, আগারগাঁও শাখা, গুলশান শাখা, চট্টগ্রামের লালদীঘি করপোরেট শাখা, আগ্রাবাদ করপোরেট শাখা ও নারায়ণগঞ্জ করপোরেট শাখা।
২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত সোনালী ব্যাংকের শাখাগুলোতে নিরীক্ষা চলাকালে পরিদর্শন ও মনিটরিং সেলের অনুসন্ধানে দুর্নীতি ও জালিয়াতির বিষয়টি কর্তৃপক্ষের গোচরে আসে। পরে দুদক এ বিষয়ে অনুসন্ধান শুরু করে।