সোনিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন
ভোলার চরফ্যাশনের গৃহবধূ সোনিয়া হত্যার সুষ্ঠু বিচার দাবি করে ভোলা শহরের বাংলা স্কুল সড়কে পৌর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেছেন শিক্ষক, শিক্ষার্থী, রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। গতকাল বৃহস্পতিবার জেলা নাগরিক কমিটি এই মানববন্ধনের আয়োজন করে।
এ সময় সোনিয়ার বাবা মহিউদ্দিন চৌধুরী বলেন, ২০০৪ সালে সোনিয়ার সঙ্গে চরফ্যাশন উপজেলার দুলারহাটের মো. ফারুকের বিয়ে হয়। বিয়ের পরে তাঁরা ঢাকায় মিরপুরে ১০ নম্বর হাজী মঞ্জিলে বসবাস শুরু করেন। চার-পাঁচ বছর ধরে ফারুক বিভিন্ন বিষয় নিয়ে সোনিয়ার ওপর অমানবিক নির্যাতন চালান। গত বছরের ১৯ নভেম্বর তিনি সোনিয়াকে পিটিয়ে হত্যা করেন এবং পরে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেন। এরপর লাশ হাসপাতালে রেখে স্বামী ও দেবর প্রিন্স পালিয়ে যান। এ ঘটনায় মিরপুর থানায় একটি মামলা করা হয়েছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন সুরতহাল প্রতিবেদনে লিখেছেন, নিহত সোনিয়ার শরীরে আঘাতের চিহ্ন আছে।
মহিউদ্দিন চৌধুরী অভিযোগ করেন, আসামি ফারুকসহ তাঁর আত্মীয়রা মামলা তুলে নেওয়ার জন্য চাপ ও হুমকি দিচ্ছেন। সেই সঙ্গে মামলাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছেন। তিনি মেয়ের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন প্রশাসনের কাছে।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মোবাশ্বের উল্লাহ চৌধুরী, নাগরিক কমিটির আহ্বায়ক আইনজীবী মো. শাজাহান, কলামিস্ট মহিউদ্দিন মাসউদ, হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরামের সম্পাদক মো. হোসেন প্রমুখ।