সোনিয়ার পাশে ল্যাবএইড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক পায়ে প্রতিদিন পাঁচ কিলোমিটার হেঁটে বিদ্যালয়ে যাতায়াত করা সোনিয়ার পাশে দাঁড়িয়েছে ল্যাবএইড গ্রুপ। গতকাল বুধবার রাজশাহীর পুঠিয়ার ধোপাপাড়া বালিকা বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে সোনিয়ার পরিবারের হাতে সহায়তাসংক্রান্ত কাগজপত্র হস্তান্তর করা হয়।
বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শামসুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান। ল্যাবএইড গ্রুপের পক্ষে কাগজপত্র হস্তান্তর করেন জ্যেষ্ঠ মিডিয়া কর্মকর্তা জাহিদ হাসান। অনুষ্ঠানে সোনিয়া খাতুনের মা রহিমা বেগম ও বাবা মজিবুর রহমানও উপস্থিত ছিলেন।
জাহিদ হাসান জানান, ল্যাবএইড সোনিয়ার পড়াশোনার জন্য প্রতি মাসে তিন হাজার টাকা করে অনুদান পাঠাবে। এ টাকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ও সোনিয়ার নামে খোলা সোনালী ব্যাংকের যৌথ হিসাবে প্রতি মাসে জমা হবে। এ ছাড়া সোনিয়ার কৃত্রিম পা সংযোজন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কৃত্রিম পা পরিবর্তনের বিষয়টিও ল্যাবএইড করবে।
গত ৫ মার্চ প্রথম আলোয় ‘এক পায়ে প্রতিদিন পাঁচ কিলোমিটার’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।
সোনিয়া খাতুন প্রতিদিন এক পায়ে পাঁচ কিলোমিটার পথ লাফিয়ে লাফিয়ে বিদ্যালয়ে যায়। তার বাড়ি পুঠিয়া উপজেলার পূর্ব ধোপাপাড়া গ্রামে। সে রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়া বালিকা বিদ্যালয়ের ছাত্রী। পড়ে ষষ্ঠ শ্রেণীতে। বাবা মজিবুর রহমান মানসিক প্রতিবন্ধী। কেউ তাকে কাজে নেন না। মা রহিমা বেগম এক বেলা মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করেন। আরেক বেলা মাঠে কাজ করেন। ছোটবেলায় দুই বছর বয়সে রেল দুর্ঘটনায় তার একটি পা কাটা যায়।