সোনিয়ার সফরে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে: বিএনপি
ভারতের কংগ্রেস দলের সভানেত্রী সোনিয়া গান্ধীর ঢাকা সফরের সময় দ্বিপক্ষীয় সমস্যাগুলো সমাধানের মাধ্যমে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছে বিএনপি। গতকাল রোববার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এ মন্তব্য করেন।অটিজমবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে সোনিয়া গান্ধী গতকাল রাতে ঢাকায় পৌঁছান। আজ সোমবার তিনি ভারতের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর পক্ষে সম্মাননা পদক নেবেন। মুক্তিযুদ্ধে অবদানের জন্য বাংলাদেশ সরকার এই পদক দেবে। আজ রাতেই তিনি ঢাকা ছেড়ে যাবেন। সোনিয়ার বাংলাদেশ সফরকে স্বাগত জানিয়ে মির্জা ফখরুল বলেন, সোনিয়া গান্ধীর ঢাকা আগমন বাংলাদেশ ও ভারতের সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য ঘটনা। এর মাধ্যমে ভারতের কাছে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা, ট্রানজিটের ক্ষেত্রে এ দেশের স্বার্থ রক্ষা এবং সীমান্তে হত্যাসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় সরকার তাঁর কাছে তুলে ধরার সুযোগ পাবে। তবে সমস্যাগুলো আলোচনার সময় তোলা হবে কি না, তা নিয়ে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। এক প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সমস্বার্থের ভিত্তিতে ভারতের সঙ্গে চুক্তি হলে বিএনপির তাতে আপত্তি নেই। একই প্রক্রিয়ায় ভারতের সঙ্গে বন্ধুত্ব অক্ষুণ্ন রাখারও আহ্বান জানিয়ে তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তিগুলো সরকার পরিষ্কার করছে না। তারা এখনো চুক্তিগুলো সংসদে উপস্থাপন করেনি। দেশের মানুষ ওই চুক্তি সম্পর্কে কিছুই জানে না। সম্প্রতি বিএনপিতে যোগ দেওয়া নেতা-কর্মীদের নিয়ে মির্জা ফখরুল জিয়ার কবর জিয়ারত করেন। এ সময় বিএনপির নেতারাও উপস্থিত ছিলেন। খালেদার সঙ্গে সাক্ষা ৎ নেই: সোনিয়া গান্ধী সফরের সময় বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন না। তাঁর সফরসূচিতে খালেদার সঙ্গে সাক্ষাতের জন্য সময় নির্ধারণ করা নেই। বিএনপির প্রেস উইং থেকেও জানানো হয়েছে, খালেদা-সোনিয়া বৈঠক হবে না।