সোমপুর বিহারে পুনরায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনার থেকে নওগাঁর সোমপুর বিহারের প্রাচীন বিশ্ববিদ্যালয়টি পুনরায় প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন বক্তারা। গতকাল রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসচর্চা কেন্দ্র আয়োজিত ‘বিউপনিবেশিত বিশ্ববিদ্যালয়ের রূপরেখা’ শীর্ষক সেমিনার থেকে এ দাবি জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি গ্যালারিতে আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক সৈয়দ নিজার আলম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মো. আনিসুজ্জামানের পরিচালনায় আলোচক হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ছাদেকুল আরেফিন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক কাজী মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।

মূল প্রবন্ধে সৈয়দ নিজার আলম বলেন, ‘একবিংশ শতকে পুঁজি এবং বৈশ্বিক ক্ষমতার চাপ এবং প্রস্তুতির জন্য রাষ্ট্রে যে বিশ্ববিদ্যালয় প্রয়োজন, তার দিকনির্দেশনা পাওয়া যেতে পারে প্রাক্-ঔপনিবেশিক বিশ্ববিদ্যালয়গুলোতে। পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হচ্ছে নালন্দা, যা ভারতে অবস্থিত। অষ্টম শতকে বাংলাদেশে সোমপুর প্রতিষ্ঠা হয়। ভারত তাদের নিজেদের প্রয়োজনে নালন্দা বিশ্ববিদ্যালয় পুনরায় চালু করেছে। বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য জ্ঞানচর্চা এবং জ্ঞান সৃষ্টি। তার জন্য আমাদেরও সোমপুর বিশ্ববিদ্যালয় পুনরায় চালু করা উচিত।’

সেমিনারে মূল প্রবন্ধ থেকে বিউপনিবেশিত বিশ্ববিদ্যালয়ের একটি রূপরেখা তুলে ধরা হয়। সেখানে বলা হয়, বিশ্ববিদ্যালয় হবে সর্বজনের জ্ঞান সর্বজনের জন্য, সার্বিক জ্ঞানের নামে পশ্চিমা জ্ঞানকাণ্ডের শিক্ষা দেওয়া নয়, বরং বিশ্ববিদ্যালয়ের শর্ত সংবৃত জ্ঞানতাত্ত্বিক বহুত্ববাদ চর্চা এবং এ বিশ্ববিদ্যালয় আঞ্চলিক ও জাতীয় বিষয়ে জ্ঞান নির্মাণের মধ্য দিয়ে বৈশ্বিক হবে।