সোমবার থেকে ক্লাস, বন্ধ থাকবে পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সব বর্ষের সব সেমিস্টারের ক্লাস আগামী সোমবার থেকে শুরু হবে। গতকাল বৃহস্পতিবার উপাচার্যের সঙ্গে ছাত্রলীগের নেতা-কর্মীদের বৈঠকের পর আন্দোলনরত শিক্ষার্থীরা ওই ঘোষণা দেন। তাঁরা গ্রেপ্তার হওয়া ছাত্রলীগ নেতা ইলিয়াস হোসেন ওরফে সবুজের মুক্তি না হওয়া পর্যন্ত সব ধরনের পরীক্ষা স্থগিত রাখার দাবিতে অনড় থাকেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আইনুল হক বলেন, বেলা দেড়টায় ছাত্রলীগের আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্য মো. আলী আশরাফের সঙ্গে বৈঠকে মিলিত হন। বৈঠকে উপাচার্য শিক্ষার্থীদের আন্দোলন থেকে সরে আসার আহ্বান জানান। এরপর ছাত্রলীগের নেতা-কর্মীরা উপাচার্যকে ক্লাস শুরু করার আশ্বাস দেন। কিন্তু কোনো ধরনের পরীক্ষা নেওয়া যাবে না বলে দাবিতে অনড় থাকেন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য মাসুদুর রহমান ও ফখরুল পারভেজ বলেন, ‘ইলিয়াস ভাইয়ের মুক্তি না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষা হবে না।’
উপাচার্য মো. আলী আশরাফ বলেন, সোমবার থেকে পুরোদমে ক্লাস শুরু হবে। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করে ওই আশ্বাস পাওয়া গেছে।
২৪ এপ্রিল ইলিয়াসকে র্যা ব-১১ কুমিল্লার সদস্যরা গ্রেপ্তার করেন।