রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দুটি অংশ এবার পাল্টপাল্টি মানববন্ধন ও সমাবেশ করেছে। গতকাল বৃহস্পতিবার একই সময়ে আলাদা স্থানে এসব কর্মসূচি পালিত হয়। সেখানে উপাচার্যকে অপসারণের দাবিতে আগামী সোমবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে একটি পক্ষ।
শিক্ষকদের বিবদমান দুটি পক্ষ হচ্ছে সমন্বিত অধিকার বাস্তবায়ন পরিষদ এবং মুক্তিযুদ্ধের পক্ষে ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনা, আদর্শ ও মূল্যবোধে উজ্জীবিত শিক্ষকদের সংগঠন ‘নীল’ দল।
দুপুর ১২টায় সমন্বিত অধিকার বাস্তবায়ন পরিষদ ক্যাম্পাসে মানববন্ধন ও সমাবেশ করেছে। প্রশাসনিক ভবনের দক্ষিণ ফটকে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বর্তমান উপাচার্য থাকা পর্যন্ত ক্যাম্পাসে কোনো কাজ করতে দেওয়া হবে না। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সমন্বিত অধিকার বাস্তবায়ন পরিষদের সদস্যসচিব পরিমল চন্দ্র বলেন, বর্তমান উপাচার্যকে অপসারণ না করা পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে। তাই নতুন করে আগামী সোমবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
একই সময়ে প্রশাসনিক ভবনের পূর্ব সড়কে পাল্টা মানববন্ধন ও সমাবেশ করে ‘নীল’ দল। সেখানে বক্তারা ক্লাস-পরীক্ষা চালিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন। নীল দলের সভাপতি আপেল মাহমুদ অপর পক্ষকে উদ্দেশ করে বলেন, ‘উপাচার্যবিরোধী আন্দোলন আপনারা করতেই পারেন। কিন্তু ভর্তি পরীক্ষার বিষয়টি আপনাদের বিবেচনায় আসা অতি প্রয়োজন মনে করছি।’
যোগাযোগ করলে উপাচার্য এ কে এম নূর-উন-নবী গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘শিক্ষক সমিতির সদস্যরা ভর্তি কমিটিসহ বিভিন্ন পদ থেকে পদত্যাগ করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিষয়টি আমি শিক্ষা মন্ত্রণালয়সহ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) জানিয়েছি।’
গত ২ নভেম্বর থেকে টানা তিন মাস শিক্ষক সমিতি প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে।