সোমবার থেকে নতুন কর্মসূচি বিএনপির
সংকট নিরসনে রাষ্ট্রপতি কী উদ্যোগ নেন, সেটা দেখার জন্য রোববার পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিল প্রধান বিরোধী দল বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। কিন্তু গতকাল বুধবার রাতে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর ভাষণ ও নবম সংসদের অধিবেশনের সমাপ্তির পর বিএনপি মনে করছে, সরকার সংকট সমাধানে আলোচনা বা সমঝোতার সব দরজা বন্ধ করে দিয়েছে।
এ অবস্থায় বিরোধী দল মনে করছে, আন্দোলনের বিকল্প নেই। আগামী রোববার পর্যন্ত ১৮-দলীয় জোটের পূর্বঘোষিত কয়েকটি কর্মসূচি আছে। এরপর সোমবার থেকে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আবারও তিন বা চার দিনের টানা হরতাল বা অবরোধের মতো কর্ম-সূচিতে যাওয়ার কথা ভাবছে দলটি।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির দায়িত্বশীল একাধিক নেতা গতকাল রাতে প্রথম আলোকে বলেন, গত মঙ্গলবার রাষ্ট্রপতির সঙ্গে বিরোধী দলের বৈঠক ছিল নির্দলীয় সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে নির্বাচনের জন্য বিএনপির নেতৃত্বাধীন জোটের শেষ শান্তিপূর্ণ চেষ্টা। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রাতে সংসদে বলেছেন, নির্বাচন পর্যন্ত তাঁকেই সরকারপ্রধানের দায়িত্ব পালনের কথা বলেছেন রাষ্ট্রপতি। এ অবস্থায় সংকট সমাধানে আন্দোলন ছাড়া তাঁদের আর কোনো উপায় নেই। শিগগিরই বিএনপির চেয়ার-পারসন খালেদা জিয়া দলের ও জোটের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এরপর দলীয় অবস্থান চূড়ান্ত হবে।
সংসদে প্রধানমন্ত্রীর সমাপনী ভাষণের আগে গতকাল দিনে বিএনপির শীর্ষস্থানীয় কয়েকজন নেতা প্রথম আলোকে বলেছিলেন, রোববার পর্যন্ত তাঁদের দলের ও জোটের নিজস্ব কিছু কর্মসূচি আছে। তাই ওই দিন পর্যন্ত রাষ্ট্রপতি কোনো উদ্যোগ নেন কি না, সেটার জন্য অপেক্ষা করা হবে। এর মধ্যে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হলে বিএনপি সোমবার থেকে হরতালের মতো কোনো কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসবে।
গতকাল সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে পূর্বনির্ধারিত কর্মসূচি পালন করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আমন্ত্রিত অতিথি। তাই এই দিনটিও কর্মসূচির বাইরে থাকছে। মন্ত্রিসভা পুনর্গঠনের প্রতিবাদে শুক্রবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা আছে। শনিবার সাপ্তাহিক ছুটি। পরদিন রোববার বিএনপির পাঁচ নেতার রিমান্ড বাতিলের শুনানির দিন ধার্য হয়ে আছে। এ কারণে পরবর্তী কর্মসূচি সোমবার থেকে পালনের প্রাথমিক সিদ্ধান্ত রয়েছে বিরোধী দলের।
জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তাঁরা কর্মসূচির মধ্যেই আছেন। আগামী দিনে আরও কঠিন ও শক্ত কর্মসূূচি দেওয়া হবে। তবে ১৮-দলীয় জোট আলোচনা বা সংলাপের মাধ্যমে সংকট সমাধানকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আলোচনায় সমাধান হলে কর্মসূচির কোনো প্রয়োজন নেই।
গত মঙ্গলবার বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে চলমান সংকট নিরসনে সংলাপ ও সমঝোতার উদ্যোগ নিতে খালেদা জিয়া রাষ্ট্রপতিকে অনুরোধ করেন। এর আগে রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেন। গতকাল সংসদের শেষ অধিবেশনে প্রধানমন্ত্রী বলেছেন, রাষ্ট্রপতির সঙ্গে তাঁর কথা হয়েছে। রাষ্ট্রপতি তাঁকে নির্বাচনকালীন দায়িত্ব পালন করে যেতে বলেছেন।
প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান বিএনপির: জাতীয় সংসদে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করেছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী সংসদে যে বক্তব্য দিয়েছেন, তা একদলীয় নির্বাচনের নীলনকশার অংশ। এর মাধ্যমে প্রমাণিত হয়, সরকার জনদাবি উপেক্ষা করে একতরফাভাবে নির্বাচন করতে চাইছে। এতে সংকট আরও ঘনীভূত হবে।
গতকাল রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া হিসেবে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল।
প্রধানমন্ত্রীর বক্তব্যকে একদলীয় শাসনেরই প্রতিফলন বলে দাবি করেন মির্জা ফখরুল। তিনি বিরোধী দলের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানান। অন্যথায় এর কারণে বিশৃঙ্খলার সৃষ্টি হলে দায় সরকারকেই নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।