সোমবার মন্ত্রিসভার বৈঠকে উঠছে ওয়েজ বোর্ডের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদ চত্বরে সাংবাদিকদের সঙ্গে তথ্যমন্ত্রী ছবি: তৌহিদী হাসান ।
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদ চত্বরে সাংবাদিকদের সঙ্গে তথ্যমন্ত্রী ছবি: তৌহিদী হাসান ।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আগামী সোমবার মন্ত্রিসভার বৈঠকে সাংবাদিকদের জন্য অষ্টম ওয়েজ বোর্ড কর্তৃক সুপারিশকৃত নতুন মজুরিকাঠামো উপস্থাপন করা হবে। মন্ত্রিসভায় বিষয়টি অনুমোদিত হলে ওই দিনই বিকেলের মধ্যে একটা সিদ্ধান্ত জানানো হবে। আজ শনিবার দুপুর ১২টায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদ চত্বরে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। হাসানুল হক ইনু অভিযোগ করে বলেন, জামায়াতে ইসলামী হচ্ছে মুখোশ পরা উগ্রবাদ, ঘোমটা পরা জঙ্গিবাদ। তারা সুযোগ পেলেই সংবিধানের বিরুদ্ধে, পতাকার বিরুদ্ধে, শহীদ মিনারের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। মন্ত্রী বলেন, জামায়াতে ইসলামী একটা সশস্ত্র জঙ্গিবাদী দল, ইংরেজিতে বললে ‘জামায়াত ইসলাম ইজ এ টেরোরিস্ট অরগানাইজেশন’। বাংলাদেশ কেন, পৃথিবীর কোনো রীতিনীতিতে কোনো জঙ্গিবাদী সশস্ত্র  দলের কাজ করার অধিকার থাকে না। হাসানুল হক মনে করেন, গণতন্ত্রের আগাছা হচ্ছে দুর্নীতি, দলবাজি, ক্ষমতাবাজি। আর গণতন্ত্রের বিষ পোকা হচ্ছে যুদ্ধাপরাধ, জঙ্গিবাদ এবং জামায়াতে ইসলামী। সুতরাং গণতন্ত্রকে বাঁচাতে হলে আগাছা পরিষ্কার করতে হবে ঠিক, তবে এর আগে বিষপোকাকে মারতে হবে, ধ্বংস করতে হবে।

এ সময় মন্ত্রীর সঙ্গে সেখানে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সোহেল রেজা, কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আবদুল আলীম প্রমুখ উপস্থিত ছিলেন।