সোমবার হরতাল ডেকেছে জামায়াত
৩ ফেব্রুয়ারি সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান গতকাল শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেন।
চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র আটক ও চোরাচালানের মামলায় গত বৃহস্পতিবার দলের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের রায়ের পর জামায়াত এ কর্মসূচি দিল। অবশ্য বিবৃতিতে ‘মতিউর রহমান নিজামীকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে হত্যা করার সরকারি ষড়যন্ত্রের প্রতিবাদে’ হরতাল কর্মসূচি দেওয়া হয় বলে উল্লেখ করা হয়। তাতে জামায়াত দাবি করে, সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য ৭ বছর পর অভিযোগপত্রে মতিউর রহমান নিজামীর নাম অন্তর্ভুক্ত করে।
বিবৃতিতে হরতাল কর্মসূচি সফল করতে সব শ্রেণী-পেশার মানুষের প্রতি আহ্বান জানানো হয়।
রাজধানীতে আজ বিক্ষোভ কর্মসূচি: এদিকে পৃথক বিবৃতিতে জামায়াতের ঢাকা মহানগর কমিটির আমির রফিকুল ইসলাম খান আজ শনিবার রাজধানীতে ‘বিক্ষোভ সমাবেশ’ কর্মসূচি ঘোষণা করেছেন। গত ২৯ ডিসেম্বর ‘কালো পতাকা’ মিছিলে ‘পুলিশ ও সরকারদলীয় সন্ত্রাসী’দের হামলার প্রতিবাদে এ কর্মসূচি দেওয়া হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।