সোমবার হরতালে রংপুরে দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত
জামায়াতে ইসলামীর ডাকা সোমবারের হরতাল রংপুরে প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। গতকাল শনিবার জাগরণী মঞ্চের নেতাদের সঙ্গে বৈঠকে ব্যবসায়ী নেতারা ওই দিন দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত নেন।বেলা আড়াইটায় জেলা পরিষদ সুপার মার্কেট সমিতি, নবাবগঞ্জ ব্যবসায়ী সমিতি ও পৌর বাজার ব্যবসায়ীদের সঙ্গে জাগরণী মঞ্চের নেতাদের বৈঠক হয়। এ সময় জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, ব্যবসায়ী নেতা সাইফুল ইসলাম, মুসলিম উদ্দিন, জাগরণী মঞ্চের পক্ষে সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিপ্লব প্রসাদ, সাখাওয়াত রাঙ্গা, চিকিৎসক সৈয়দ মামুনুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব রহমান, সাংবাদিক মানিক সরকার ও নাজমুল আলম উপস্থিত ছিলেন।জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম সোমবারের হরতাল প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়ে বলেন, ওই দিন সব দোকানপাট খুলে জামায়াত-শিবিরকে প্রতিহত করতে হবে।