সোমবারের ঘটনা নিয়ে সংসদে আলোচনার দাবি স্বতন্ত্র সাংসদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আড়িয়ল বিলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর করার উদ্যোগ নিয়ে গত সোমবারের সহিংস ঘটনার ব্যাপারে গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে আলোচনার দাবি জানিয়েছিলেন একমাত্র স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম। তা পয়েন্ট অব অর্ডার হয়নি বলে নাকচ করে দেন ডেপুটি স্পিকার।ফজলুল আজিম রাতে বলেন, বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর করার ঘটনা নিয়ে সেখানে সহিংস ঘটনা ঘটেছে। প্রাণহানির ঘটনা ঘটেছে। মানুষ ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে গেছে। ঘটনাটি উদ্বেগজনক। তিনি বলেন, এ নিয়ে আলোচনা করে সরকারকে সহায়তা করতে চাই। এ সময় তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয়। মাইক ছাড়াই তিনি বিষয়টি নিয়ে সংসদে আলোচনার দাবি জানান।এ সময় অধিবেশনে সভাপতিত্ব করা ডেপুটি স্পিকার শওকত আলী বলেন, এটি পয়েন্ট অব অর্ডার হয়নি। তাই এটি গ্রহণ করা গেল না। সরকারি দলের কয়েকজন সদস্য ফজলুল আজিমের বক্তব্যের প্রতিবাদ করার চেষ্টা করেন। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় সংসদে উপস্থিত ছিলেন। সংসদের চিফ হুইপ আবদুস শহীদ পরে ফজলুল আজিমের বক্তব্যকে বিধিসম্মত নয় দাবি করে তা এক্সপাঞ্জের দাবি জানান। ডেপুটি স্পিকার বলেন, ইতিমধ্যে ফজলুল আজিমের এ সংক্রান্ত বক্তব্য এক্সপাঞ্জ করা হয়েছে। পরে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেন, বঙ্গবন্ধু বিমানবন্দর নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। বিরোধী দল এ নিয়ে হট্টগোল করার চেষ্টা করেছে। একজন পুলিশকে হত্যা করা হয়েছে। তাঁরা সংসদে না এসে ধ্বংসের রাজনীতি করছেন।উদ্ভিদ সংগনিরোধ বিল উত্থাপন: আমদানি অনুমতি ছাড়া কোনো উদ্ভিদ বা উদ্ভিদজাত দ্রব্য, উপকারী জীবাণু, মাটি অথবা প্যাকিং দ্রব্যাদি আমদানি না করার বিধান রেখে ‘উদ্ভিদ সংগনিরোধ বিল-২০১১’ গতকাল সংসদে উত্থাপন করা হয়েছে। বিলটি উত্থাপন করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বার্ষিক প্রতিবেদন, ২০০৯ গতকাল সংসদে উপস্থাপন করা হয়।