সোমালিয়ার উপকূলে ১৫ নাবিকসহ জাহাজডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমালিয়ার উপকূলে একটি কার্গো জাহাজ ডুবে চার নাবিক ও সাত জলদস্যু মারা গেছে। নিখোঁজ আছেন আরও ১৩ জন। গত রোববার ডুবে যাওয়া এমভি আলবেদো জাহাজে সাত বাংলাদেশিসহ ১৫ জন নাবিক জলদস্যুদের হাতে জিম্মি ছিলেন। তবে জাহাজডুবিতে বাংলাদেশি কোনো নাবিক মারা গেছেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি।বার্তা সংস্থা রয়টার্স জলদস্যুদের উদ্ধৃতি দিয়ে জানায়, এক সপ্তাহ ধরে ধীরে ধীরে জাহাজটি ডুবছিল। তাঁদের কাছে নৌকা না থাকায় নাবিক ও জলদস্যুদের উদ্ধার করা সম্ভব হয়নি। মালয়েশিয়ার মালিকানাধীন ওই জাহাজে থাকা বাংলাদেশিরা হলেন কুমিল্লার আমিনুল ইসলাম, চাঁদপুরের জাকির হোসেন ও লিমন সরকার এবং সাতক্ষীরার আবুল কাশেম, নুরুল হক, গোলাম মোস্তফা ও হাবিবুর রহমান। ২০১০ সালে নভেম্বরে সংযুক্ত আরব আমিরাত থেকে কেনিয়া যাওয়ার পথে এমভি আলবেদো সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়ে। ওই সময় জাহাজটিতে পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ইরানের ২৩ জন নাবিক ছিলেন। জাহাজডুবির ঘটনা জানতে বাংলাদেশে অবস্থানরত নাবিকদের পরিবারগুলো গভীর শঙ্কায় রয়েছে।সোমালিয়ায় জিম্মি নাবিক আমিনুল ইসলামের বাবা নুরুল ইসলাম জানান, গত ২১ জুন দস্যুদের মুঠোফোন থেকে আমিনুল ইসলাম তাঁকে ফোন করেন। ছেলে তাঁকে জানান, পাকিস্তান সরকার ওই জাহাজে থাকা দেশটির নাবিকদের মুক্তিপণ দিয়ে উদ্ধার করে নিয়ে গেছে। পাকিস্তানের নাবিকেরা ছাড়া পাওয়ার পর জাহাজে সাতজন বাংলাদেশি, ছয়জন শ্রীলঙ্কার, একজন ইরানের ও একজন ভারতের নাবিক ছিলেন।নুরুল ইসলাম জানান, জাহাজটি জলদস্যুদের কবলে পড়ার পরপরই তাঁরা বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানান। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় ওই সময় কোনো পদক্ষেপ নেয়নি এবং জাহাজের মালয়েশীয় মালিকপক্ষকেও কোনো চাপ দেয়নি।