সোমালিয়ার জলদস্যুর কবল থেকে মুক্ত বাংলাদেশি নাবিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমালিয়ায় জলদস্যুদের হাতে প্রায় এক বছর বন্দী থাকার পর মুক্তি পেয়েছেন এক বাংলাদেশি নাবিক। এলম উদ্দিন নামের ওই নাবিকের বাড়ি চট্টগ্রামের বন্দরটিলায়। মুক্তি পাওয়া এই বাংলাদেশিসহ ২২ জন নাবিক এখন ওমানের সালালা বন্দরে রয়েছেন। পানামার পতাকাবাহী রাসায়নিক পরিবহনকারী জাহাজ ‘রয়েল গ্রেস’-এ গত বছরের ফেব্রুয়ারিতে নাবিক হিসেবে যোগ দেন এলম উদ্দিন। ট্যাংকারটিতে যোগ দিতে তিনি ওই বছরের ১৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম থেকে বিমানে ওমানে যান। ট্যাংকারটির মালিক দুবাইভিত্তিক একটি কোম্পানি। এলম উদ্দিনের বড় ভাই মো. সাইফুদ্দিন গতকাল বুধবার প্রথম আলোকে জানান, জলদস্যুরা ট্যাংকারটি ছিনতাই করার পর থেকে তাঁর ভাইয়ের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। গত শুক্রবার মুক্তি পেয়েই তিনি (এলম উদ্দিন) ফোনে যোগাযোগ করেন। সাইফুদ্দিন জানান, জাহাজের নাবিকেরা এখনো ওমানের সালালা বন্দরে অবস্থানরত ট্যাংকারটিতে রয়েছেন। এলম উদ্দিন যাতে নিরাপদে দেশে ফিরে আসতে পারেন সে জন্য বাংলাদেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সাইফুদ্দিন জানান, ওমানের উপকূল থেকে সোমালিয়ার জলদস্যুরা ট্যাংকারটি ছিনতাই করার পর নাইজেরিয়ার একজন নাবিককে হত্যা করে দস্যুরা।