সোমালীয় জলদস্যুদের হাতে আটক সাত বাংলাদেশি নাবিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই মা পাশাপাশি দাঁড়িয়ে। হাতে নিজের প্রাণপ্রিয় সন্তানের ছবি। বিরামহীন কাঁদছেন তাঁরা। তাঁদের একটাই আকুতি, সোমালীয় জলদস্যুদের হাতে আটক সন্তানদের যেকোনো মূল্যে দেশে ফিরিয়ে আনা হোক। গতকাল সোমবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে দাঁড়িয়েছিলেন জলদস্যুদের হাতে আটক নাবিক আমিনুল ইসলামের মা সুরমা আক্তার ও জাকির হোসেনের মা মাজেদা বেগম। এই দুই পরিবারের স্বজনেরাও ছিলেন সঙ্গে। উপস্থিত সাংবাদিকেরা যতবারই আটক নাবিকদের বিষয়ে জানতে চান, ততবারই অঝোর কান্নায় ভেঙে পড়েন দুই মা। তাঁরা বলেন, ‘আমরা এত কিছু বুঝি না। আমরা আমাদের সন্তান ফিরে পেতে চাই। প্রধানমন্ত্রী একজন মা। সন্তান বিপদে পড়লে মায়ের কী অবস্থা হয়, সেটা তিনি ভালোভাবেই জানেন। যেকোনো মূল্যে আমরা সন্তান ফিরে চাই।’ মানববন্ধনে অংশ নেওয়া আমিনুল ও জাকিরের স্বজনেরা বলেন, ‘সোমালীয় জলদস্যুদের হাতে আটক এমভি জাহান মনির নাবিকদের উদ্ধারে উদ্যোগ নেওয়া হয়েছিল। এখন সাত বাংলাদেশি নাবিককে উদ্ধারে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হোক।’উল্লেখ্য, ২০১০ সালের ৩১ জুলাই অপহূত সাত বাংলাদেশি নাবিক এমভি আল বেদো নামের মালয়েশিয়ার পতাকাবাহী একটি জাহাজে কাজে যোগ দেন। চট্টগ্রামের এভার শিয়ার মেরিন সার্ভিসেস নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে তাঁরা ওই জাহাজের কাজ নেন।জলদস্যুর হাতে আটক অন্য পাঁচ বাংলাদেশি হলেন সাতক্ষীরার গোলাম মোস্তফা, হাবিবুর রহমান, আবুল কাশেম, নুরুল হক ও চাঁদপুরের লিমন সরকার। তাঁরা ঢাকার বিএনএফ মেরিন সার্ভিসের মাধ্যমে কাজ নেন। সর্বশেষ গত বৃহস্পতিবার মুঠোফোনে আটক নাবিক আমিনুল তাঁর বাবা-মার সঙ্গে কথা বলেন। আমিনুলের বরাত দিয়ে তাঁর বাবা নুরুল ইসলাম বলেন, ‘দুই সপ্তাহের মধ্যে টাকা না দিলে জলদস্যুরা তাঁদের মেরে ফেলার হুমকি দিয়েছে। বিষয়টি নৌপরিবহন মন্ত্রণালয় ও সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালককে জানানো হয়েছে। তবে এখনো কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি।’