সোমেশ্বরী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া সোমেশ্বরী নদীতে অনুমোদন ছাড়াই পাথর উত্তোলন চলছে; এমনকি শহর রক্ষা বাঁধ ঘেঁষেও বালু উত্তোলন করছেন কেউ কেউ। বালু উত্তোলনের অনুমতি থাকলেও পাথর উত্তোলনের অনুমতি প্রশাসন দেয়নি বলে জানা গেছে।সরেজমিনে দেখা গেছে, প্রায় ১০০টি শ্যালোইঞ্জিন বসিয়ে বালু তোলা হচ্ছে। এ সময় তারের তৈরি বিশেষ চালুনির সাহায্যে পাথর, কয়লা, মোটা বালু ও চিকন বালু আলাদা করা হচ্ছে। প্রতিদিন একেকটি শ্যালোইঞ্জিন দিয়ে চার-পাঁচ ট্রাক বালু তোলা হচ্ছে। আর দু-তিন দিনে উত্তোলন করা হচ্ছে এক ট্রাক পাথর। দুই বছর ধরে পাথর উত্তোলনের এই কারবার চলছে। কেউ কেউ আবার শুধু পাথর উত্তোলনও করছেন। একেকটি শ্যালোইঞ্চিনের পেছনে ৫ থেকে ১০ জন শ্রমিক কাজ করছেন।সম্প্রতি কথা হয় শ্যালোইঞ্জিনের মালিক রাশিদ, আলী মমতাজ ও সোহরাব হোসেনের সঙ্গে। তাঁরা বলেন, একটি শ্যালোইঞ্জিন বসাতে তাঁদের প্রায় এক লাখ টাকা খরচ হয়েছে। এরপর আর তেমন কোনো খরচ করতে হয় না। আর যা আসে, তা শ্রমিকের মজুরি ও ডিজেল বাবদ খরচ।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, শুধু বালু ওঠানোর জন্য ইজারা দেওয়া আছে। বালুর সঙ্গে পাথর উঠলেও তা নিয়ে যাওয়ার কথা নয়, তা পড়ে থাকার কথা।বালুমহালের ইজারাদার সাইফুল ইসলাম বলেন, বালুর সঙ্গে যে পাথর ওঠে, তা অতি সামান্য। এ পাথর শ্যালোইঞ্জিনের মালিকেরাই বিক্রি করেন।স্থানীয় সাংসদ মোস্তাক আহম্মেদ বলেন, ‘এর আগে এ রকম পাথর আসেনি। এখন যদি পাথর উত্তোলন করা হয়, তাহলে তা কোয়ারির মাধ্যমে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই মুহূর্তে যা করতে পারি, তা হলো প্রশাসনকে বলে এ কাজ বন্ধ করে দেব। পরে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে উত্তোলনের অনুমতি দেওয়া হবে।’