সোমেশ্বরী নদীতে চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সোমেশ্বরী নদীতে কয়লা, বালু ও পাথরবোঝাই নৌযানে চাঁদাবাজি বন্ধ ও চাঁদাবাজ চক্রকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল শনিবার উপজেলার জয়শ্রী বাজারের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বেলা তিনটায় অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষক, ব্যবসায়ী, নৌযানের শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার দুই শতাধিক মানুষ অংশ নেয়। এতে জয়শ্রী বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক গৌতম চন্দ্র সরকার বলেন, চাঁদাবাজদের কারণে সোমেশ্বরী নদী উপজেলার একটি অভিশপ্ত জায়গায় পরিণত হয়েছে। তিনি অবিলম্বে চাঁদাবাজ চক্রকে গ্রেপ্তারের দাবি জানান। তা না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি দেন। এ সময় আরও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা এ টি এম নাজিম উদ্দিন আল আজাদ, আমরা ধরমপাশাবাসী সংগঠনের সদস্য আবদুল মুকিত প্রমুখ।
এর আগে এলাকাবাসী, মালবাহী নৌযানের শ্রমিক ও ব্যবসায়ীদের কয়েকজন অভিযোগ করেন, তাহিরপুর উপজেলার বড়ছড়া, ফাজিলপুর, চারাগাঁও ও বাগলি এলাকা থেকে ইঞ্জিনচালিত নৌকায় (বাল্কহেড) করে কয়লা, বালু ও পাথর দেশের বিভিন্ন স্থানে নেওয়া হয়। এসব নৌযান চলাচল করে ধরমপাশা উপজেলার সোমেশ্বরী নদী দিয়ে। এই নদীতে আসামাত্রই চাঁদাবাজেরা বাল্কহেডের পিছু নিতে শুরু করে। ১৫ ডিসেম্বর প্রথম আলোয় ‘সোমেশ্বরী নদীতে নৌযানে চাঁদাবাজি, অতিষ্ঠ ব্যবসায়ীরা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।