সোমেশ্বরীর তীরে নির্মাণকাজ বন্ধ করে দিল প্রশাসন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার মধ্যনগর বাজার লাগোয়া সোমেশ্বরী নদীর তীরে সরকারি জায়গা দখল করে পাকা ভবনের নির্মাণকাজ গতকাল বুধবার বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মধ্যনগর মধ্যবাজারে ব্যবসায়ী শকুলাল বণিকের নিজস্ব একটি ধানের আড়ত রয়েছে। সপ্তাহখানেক আগে ওই আড়তঘরের পেছনে সোমেশ্বরী নদীর তীরে প্রায় দুই শতক সরকারি জায়গা দখল করে বালু, পাথর, রড ও ইটসহ নানা উপকরণ রাখেন। শনিবার সকাল থেকে সেখানে তিনি কয়েক জন শ্রমিক দিয়ে পাকা ভবন নির্মাণের কাজ শুরু করেন। এ বিষয়ে গতকাল প্রথম আলোয় ‘ধরমপাশায় সোমেশ্বরীর জায়গায় ভবন নির্মাণ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
গতকাল সকালেও সেখানে নির্মাণকাজ চলছিল। ভারপ্রাপ্ত ইউএনও’র দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াছিন কবীরের নির্দেশে সকাল সাড়ে নয়টার দিকে মধ্যনগর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) মো. জামাল হোসেন সেখানে যান। তিনি অবৈধ স্থাপনার নির্মাণকাজ বন্ধ করে দেন।
সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াছিন কবীর বলেন, স্থানীয় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে নদীর তীরে ভবন নির্মাণকাজ বন্ধ করাসহ যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ভূমি সহকারী কর্মকর্তা জামাল হোসেন বলেন, ওই ব্যবসায়ী ভবন নির্মাণের কাজ বন্ধ করেছেন। মালামাল সরিয়ে নেওয়াসহ স্থাপনা ভেঙে ফেলতে বলা হয়েছে।