সোমেশ্বরীর তীরে ভবন নির্মাণকাজ চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার মধ্যনগর বাজারসংলগ্ন সোমেশ্বরী নদীর তীরের সরকারি জায়গায় ভবন নির্মাণকাজ চলছেই। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে স্থানীয় পুলিশ মাস খানেক আগে ওই কাজ বন্ধ করে দেয়। কিন্তু কয়েক দিন পর আবারও কাজ শুরু করেন স্থানীয় পাঁচ ব্যবসায়ী।
মধ্যনগর ইউনিয়ন ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, মধ্যনগর বাজারের ব্যবসায়ী ও আওয়ামী লীগের কর্মী স্বদেশ রায়, সুবল তালুকদার, কালাম মিয়া, চান মিয়া ও বাবুল মিয়া দীর্ঘদিন ধরে ওই বাজারে ধান-চালের ব্যবসা করছেন। তাঁদের দোকানের পেছনে সোমেশ্বরী নদী। তাঁরা এ নদীর তীরের প্রায় ছয় শতক সরকারি জায়গা দেড় মাস আগে দখল করে ভবন নির্মাণ শুরু করেন। মাস খানেক আগে ইউএনও পুলিশ পাঠিয়ে কাজ বন্ধ করেন। কয়েক দিন এ কাজ বন্ধ ছিল। দুই সপ্তাহ আগে আবারও নির্মাণকাজ শুরু করা হয়।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, নদীর তীরে দখল করা জায়গার উত্তর ও পূর্ব পাশে দুটি দেয়াল নির্মাণ করা হয়েছে। দুই-তিনজন শ্রমিক সেখানে কাজ করছেন। স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, এখানে নিয়মিত কাজ করা হয় না। মাঝেমধ্যে দুই-তিনজন শ্রমিককে কাজ করতে দেখা যায়। এতে স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা জড়িত বলে তাঁরা অভিযোগ করেন।
তবে স্বদেশ ও সুবল দাবি করেন, ‘আমাদের দোকানঘরগুলো নদীর তীরবর্তী হওয়ায় ভাঙন রোধে তীরের একাংশে প্রতিরক্ষা দেয়াল নির্মাণ করছি। এতে নৌযান চলাচলে কোনো সমস্যা হবে না।’ এ ব্যাপারে অন্য তিন ব্যবসায়ীর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জহুর আহমেদ জানান, বাধা দিলেও ভবনের নির্মাণকাজ বন্ধ করা হচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।
ইউএনও মোহামঞ্চদ খালেদুর রহমান প্রথম আলোকে জানান, সরকারি জায়গা দখল করে ভবন নির্মাণের অভিযোগ পেয়ে পুলিশ পাঠিয়ে নির্মাণকাজ বন্ধ করা হয়েছিল। কিন্তু আবারও তা শুরু করা হয়েছে। অবৈধ দখলকারীদের বিরুদ্ধে দ্রুত যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।