সোয়াইন ফ্লু নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সোয়াইন ফ্লু নিয়ে আতঙ্কিত বা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সোয়াইন ফ্লু প্রতিরোধে বাংলাদেশ ইতিমধ্যেই সব প্রস্তুতি গ্রহণ করেছে। তিনি সাবধানতার পাশাপাশি জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
স্বাস্থ্যমন্ত্রী আজ বুধবার রাজধানীর একটি হোটেলে ‘অভিবাসন ও স্বাস্থ্য’ বিষয়ক দুই দিনব্যাপী আঞ্চলিক পরামর্শসভার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।
ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইএমও), জাতিসংঘের জনসংখ্যা তহবিলসহ (ইউএনএফপিএ) চারটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান এ সভার আয়োজন করে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সোয়াইন ফ্লু প্রতিরোধে সব বন্দর-সংলগ্ন এলাকায় বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ঢাকা বিমানবন্দরসহ পাঁচটি বন্দরে আসা যাত্রীদের জ্বর পরিমাপের জন্য থার্মাল স্ক্যানার স্থাপন করার কথাও তিনি উল্লেখ করেন।
মোহাম্মদ নাসিম বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অভিবাসীদের অবদানের কথা তুলে ধরে বলেন, টেকসই উন্নয়নের জন্য অভিবাসীদের সুস্বাস্থ্যের প্রয়োজনীয়তা উপলব্ধি করে সরকার তাঁদের স্বাস্থ্যমান উন্নতিতে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে। মন্ত্রী জানান, সৌদি আরবে শ্রমিক পাঠানোর সময় তাঁদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার উদ্যোগ নেবে। এ ক্ষেত্রে নারী শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় সরকার বিশেষ নজর দেবে।
অন্যদের মধ্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম, প্রবাসীকল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খন্দকার মো. ইফতেহার হায়দার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি এ পারানিথরন অনুষ্ঠানে বক্তব্য দেন।
দুই দিনব্যাপী এই আঞ্চলিক সভায় বাংলাদেশ ছাড়াও থাইল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, মিয়ানমার, কম্বোডিয়া, ভিয়েতনাম ও ফিলিপাইন থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও চিকিৎসকেরা অংশ নিচ্ছেন। বাসস