সোয়েটার কারখানায় ভাঙচুর বিকেএমইএ কার্যালয় ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বকেয়া বেতনের দাবিতে গাজীপুর শহরের পানিশাইল এলাকায় গতকাল শনিবার একটি সোয়েটার কারখানার শ্রমিকেরা বিক্ষোভ ও ভাঙচুর করেছেন। এ সময় শ্রমিকেরা কারখানার উৎপাদন ব্যবস্থাপককে পিটিয়ে আহত করেন বলে অভিযোগ ওঠে।
একই দিন বকেয়া বেতন পরিশোধ ও কারখানা চালু করার দাবিতে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় অবস্থিত বিকেএমইএ কার্যালয় ঘেরাও ও বিক্ষোভ করেন শ্রমিকেরা।
শ্রমিক ও শিল্প পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, প্রতি মাসের ২০ তারিখের মধ্যে পানিশাইলের মাছিহাতা সোয়েটার ফ্যাক্টরি লিমিটেড নামের ওই কারখানার শ্রমিকদের বেতন পরিশোধ করা হয়। আগস্টে তা না করায় গত বৃহস্পতিবার থেকে শ্রমিকেরা কর্মবিরতি শুরু করেন। গতকাল সকাল থেকে একই দাবিতে কর্মবিরতি শুরু করা হয়। একপর্যায়ে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন এবং কারখানার সামনের জিরানী-কাশিমপুর সড়ক অবরোধের চেষ্টা করেন। পুলিশের অনুরোধে তাঁরা সড়ক অবরোধ থেকে বিরত থাকেন। বিক্ষোভ চলাকালে কারখানার উৎপাদন ব্যবস্থাপক আমিনুল ইসলামের সঙ্গে শ্রমিকদের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে শ্রমিকেরা আমিনুল ইসলামকে পিটিয়ে আহত করেন এবং কারখানার ভেতরে ভাঙচুর করেন।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন বলেন, শ্রমিকদের রোববার (আজ) বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিলে তাঁরা দুপুরের দিকে কারখানা ছেড়ে চলে যান।
কয়েকজন শ্রমিক জানান, চাষাঢ়ায় বঙ্গবন্ধু সড়কের বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠনের (বিকেএমইএ) প্রধান কার্যালয়ের পাশের ফুজি নিটওয়্যার কারখানায় প্রায় এক হাজার ২০০ শ্রমিক কাজ করেন। শ্রমিকদের বেতন বকেয়া রেখে গত মঙ্গলবার কর্তৃপক্ষ কোনো নোটিশ ছাড়াই কারখানা বন্ধ ঘোষণা করে। কারখানাটি চালু ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে শ্রমিকেরা গতকাল বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিকেএমইএ কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন। দ্রুত বকেয়া পরিশোধ ও কারখানা খুলে না দিলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন তাঁরা।