সোয়েটারের মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের কালুরঘাট শিল্প এলাকায় অবস্থিত আজিম গ্রুপের মালিকানাধীন সাভার সোয়েটার কারখানা বন্ধ ঘোষণার প্রতিবাদে শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। এর জের ধরে গতকাল বৃহস্পতিবার সকালে আশপাশের এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, গত বুধবার শ্রমিকেরা সোয়েটারপ্রতি মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেন। মালিকপক্ষ ওই দিন দুপুরে কারখানা বন্ধ ঘোষণা করে। এই কারখানায় প্রায় ৬০০ শ্রমিক কাজ করেন।
শিল্প পুলিশের পরিদর্শক সৈয়দ মোহাম্মদ নূর প্রথম আলোকে জানান, গতকাল সকালে শ্রমিকেরা কর্মস্থলে এসে কারখানা বন্ধ দেখতে পেয়ে উত্তেজিত হয়ে পড়েন। এ সময় তাঁরা আশপাশের পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। এতে ব্যর্থ হয়ে কয়েকটি কারখানার কাচ ভাঙচুর করেন।
সৈয়দ মোহাম্মদ নূর জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও শ্রমিকদের দাবির বিষয়ে এখনো কোনো সমাধান হয়নি। আজিম গ্রুপের নিট বিভাগের ব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ সেলিম প্রথম আলোকে বলেন, শ্রমিকেরা কোনো ধরনের ঘোষণা না দিয়ে ধর্মঘট আহ্বান করেন। তাই বুধবার দুপুরে কারখানা বন্ধ ঘোষণা করা হয়।