সোসিও ক্যাম্প-৭-এ সেরা দল 'টিম হোল্ড'
সমাজে অবদান রাখার চেতনাকে উজ্জীবিত করতে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব সপ্তমবারের মতো আয়োজন করে সামাজিক সচেতনতা বৃদ্ধিমূলক প্রতিযোগিতা সোসিও ক্যাম্প-৭।
রোববার সোসিও ক্যাম্প-৭ এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয় নর্থ সাউথ ইউনিভার্সিটির ক্যাম্পাসে। ৪৭৩টি দলের মধ্যে থেকে ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত হয় পাঁচটি দল। প্রতিযোগিতায় প্রথম হয় নর্থ সাউথ ইউনিভার্সিটির ‘টিম হোল্ড’, দ্বিতীয় হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে পেপার প্লেনেস্ এবং তৃতীয় হয় ঢাকা ইউনিভার্সিটি থেকে নাইন ওয়ান ওয়ান। প্রতিযোগিতায় বিজয়ী দলকে দেওয়া হয় এক লাখ ২০ হাজার টাকা, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীকে দেওয়া হয় যথাক্রমে ৭০ হাজার টাকা এবং ৪০ হাজার টাকা।
প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আতিকুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ এবং সম্মানিত অতিথি ছিলেন স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিরেক্টর, এম এমদাদুল হক। প্রতিযোগিতার বিচারক ছিলেন আবদুন নূর তুষার, ইরেশ যাকের, জারা মাহবুব, আরিফ আর হোসেন।
প্রতিযোগিতার আয়োজন বিষয়ে সোশ্যাল সার্ভিসেস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মুনতাসির মুজিব বলেন, তরুণদের মধ্যে আছে উদ্ভাবনী ক্ষমতা। তাঁরাই পারেন দেশে পরিবর্তন আনতে। সঠিক প্ল্যাটফর্মের অভাবে তাঁরা সেই চিন্তাভাবনা কাজে লাগাতে পারেন না। এই প্রতিযোগিতার মাধ্যমে তরুণেরা তাঁদের বিভিন্ন ধরনের সামাজিক সচেতনতা বৃদ্ধিমূলক ধারণা সবার কাছে পৌঁছাতে পারবেন। তাঁদের সেই ধারণাকে কাজে লাগিয়ে পরিবর্তনের ভাবনায় যুক্ত করতে ‘সোসিও ক্যাম্প’ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এই আয়োজনে সহযোগিতা করে সুজুকি এবং স্টেপ ফুটওয়্যার। বিজ্ঞপ্তি।