সোহরাওয়ার্দী উদ্যান ফিরে পায়নি সবুজ শোভা

দীর্ঘ ১৫ বছর পর রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্পের কাজ শেষ হচ্ছে। দুই পর্যায়ে প্রায় ২৬২ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে এই বিপুল নির্মাণযজ্ঞ এখন শেষ পর্যায়ে। গাছপালার সবুজ মাথার ওপর দিয়ে উঁকি দিচ্ছে ঝকঝকে স্বচ্ছ কাচের স্তম্ভ। তবে নির্মাণকাজ শেষ হয়ে এলেও উদ্যানটির কুৎসিত চেহারা বদলায়নি। শিগগিরই তা বদলানোর লক্ষণও দেখা যাচ্ছে না।
মুক্তিযুদ্ধের বিজয়ের স্মৃতিজড়িত সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এর বাস্তবায়নের দায়িত্বে ছিল গণপূর্ত অধিদপ্তর। এ জন্য অধিদপ্তরের পক্ষ থেকে ‘ঢাকাস্থ সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্প’ নামের এই প্রকল্পটি বাস্তবায়নে জন্য একটি সেল (কমিটি) করা হয়। সেলের ব্যবস্থাপক ও নির্বাহী প্রকৌশলী শাহাবুদ্দিন আহমেদ প্রথম আলোকে জানান, প্রকল্পের অন্তর্ভুক্ত সব নির্মাণকাজ শেষ হয়েছে। এখন কেবল ছয়টি প্রবেশপথ নির্মাণের সামান্য কিছু কাজ বাকি রয়েছে। সপ্তাহ খানেকের মধ্যে এটি শেষ হবে। প্রকল্প হস্তান্তরের প্রয়োজনীয় নির্দেশ পাওয়া গেলেই তা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হবে। তিনি জানান, এ মাসের মধ্যেই হস্তান্তরের প্রক্রিয়া শেষ হবে।
দেড় দশকের নির্মাণ
স্বাধীনতা স্তম্ভ নির্মাণের এই প্রকল্পের কাজ শুরু হয়েছিল ১৯৯৮ সালের ২৯ মার্চ। বরাদ্দ করা হয়েছিল ৮১ কোটি ২৭ লাখ টাকা। শেষ হওয়ার কথা ছিল ২০০৭ সালে। এর মধ্যে সরকার পরিবর্তন হওয়ায় প্রকল্পের কাজ মাঝপথে থেমে যায়। দ্বিতীয় পর্যায়ে প্রকল্পটির কাজ আবার শুরু হয় ২০০৯ সালে। বরাদ্দ করা হয় ১৮১ কেটি ৬১ লাখ টাকা। শেষ করার মেয়াদ ছিল ২০১২ সালের ৩০ জুন। নানা কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় আরও এক বছর সময় বাড়ানো হয়। সেই বাড়তি সময় এ বছরের ৩০ জুন শেষ হয়। অবশেষে আরও ছয় মাস সময় বাড়িয়ে চলতি মাসে কাজ শেষ হতে যাচ্ছে।
যা হলো

প্রকল্পের প্রথম পর্যায়ে শিশুপার্ক লাগোয়া উদ্যানের উত্তর পাশে নির্মাণ করা হয় শিখা চিরন্তন। ঠিক এর দক্ষিণ দিকে অ্যাপ্রোচ প্লাজা। এটি গিয়ে মিলেছে মাঠের মাঝখানে, স্বাধীনতা স্তম্ভের মূল স্থাপনায়। এই স্থাপনাটির উভয় পাশ অলংকৃত করা হয়েছে টেরাকোটার ম্যুরাল দিয়ে। এতে তুলে ধরা হয়েছে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত বাঙালির গৌরবময় আন্দোলন-সংগ্রামের ইতিহাস। এই স্থাপনাটির পূর্ব, দক্ষিণ ও পশ্চিম দিক ঘিরে আছে জলাধার ও ফোয়ারা। নিচে ভূগর্ভস্থ জাদুঘর। এতে রাখা হয়েছে মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর গণহত্যা ও যুদ্ধের বিভিন্ন প্রামাণ্য নিদর্শন, আলোকচিত্র ও দলিলপত্র। এ ছাড়া একটি উন্মুক্ত মঞ্চ নির্মাণ করা হয়েছে বাংলা একাডেমি বরাবর উদ্যানের দক্ষিণ-পশ্চিম পাশে।
দ্বিতীয় পর্যায়ের প্রধান কাজ ছিল ১৫০ ফুট উচ্চতা এবং ১৬ ফুট দৈর্ঘ্য ও ১৬ ফুট প্রস্থের আয়তনের কাচের স্তম্ভটি নির্মাণ। মেসার্স আরবানা নামের একটি নির্মাতা প্রতিষ্ঠানের স্থপতি কাশেফ মাহবুব চৌধুরী ও মেরিনা তাবাসসুম এই স্তম্ভের নকশা করেন। ‘এনডিই-নোভাম কনসোর্টিয়াম’ নামের বাংলাদেশ ও সিঙ্গাপুরের যৌথ প্রতিষ্ঠান এই স্তম্ভ নির্মাণ করে।
মূল স্তম্ভ নির্মাণের পর জলাধারটি সংস্কার করা হয়েছে। সীমানাপ্রাচীর সংস্কার করে স্টেনলেস স্টিলের গ্রিল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। উদ্যানে প্রবেশপথ আছে ছয়টি। এই প্রবেশপথগুলোতে ফটক নির্মাণের কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে।
ফিরে পেল না উদ্যানের সবুজ শোভা
নির্মাণকাজ শেষ হলেও শহরের প্রাণকেন্দ্রের এই উদ্যানটির অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি। এই বিষয়ে এ বছর ১৫ জুন প্রথম আলোতে প্রকাশিত হয়েছিল বিশেষ প্রতিবেদন। গত বৃহস্পতিবার উদ্যানে গিয়ে দেখা গেল, এর পশ্চিম অংশ পুরোটাই দখল করে আছে শতাধিক ফুচকা-চটপটির দোকান। সারা উদ্যানে ছড়িয়ে-ছিটিয়ে আছে ভবঘুরেদের পলিথিনের তৈরি ছাপরা ঘর। নিরাপদেই চলছে তাদের গেরস্থালি। ফটক নির্মাণ করায় মোটরগাড়ি এখন ভেতরে প্রবেশ করতে না পারলেও মোটরসাইকেল ও বাইসাইকেলের চলছে অবাধ যাতায়াত। যথারীতি চলছে মাদক সেবন আর বেচাকেনা। সারা মাঠে ছড়িয়ে আছে বিস্তর আবর্জনা। স্তূপাকার হয়ে আছে বেঁচে যাওয়া নির্মাণসামগ্রী—ভাগাড়ের মতো অবস্থা। এর মধ্যে দক্ষিণ পাশে ক্রিকেট, ফুটবল, গলফের চর্চাও চলছে রোজই। ফলে আকাশছোঁয়া ঝকঝকে কাচের স্তম্ভ নির্মিত হলেও বিধ্বস্ত উদ্যানটি ফিরে পায়নি তার সবুজ শোভা, স্নিগ্ধ সৌন্দর্য।
কাদের দায়িত্বে থাকবে
স্বাধীনতা স্তম্ভ ও উদ্যান রক্ষণাবেক্ষণের দায়িত্ব কাদের কাছে থাকবে, তা এখনো নির্ধারিত হয়নি। প্রকল্পের ব্যবস্থাপক নির্বাহী প্রকৌশলী শাহাবুদ্দিন আহমেদ জানান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় স্বাধীনতা স্তম্ভ নির্মাণের দায়িত্বে রয়েছে। জমি গণপূর্ত বিভাগের। নির্মাণকাজ শেষ হলে উদ্যান ও স্থাপনার রক্ষণাবেক্ষণের জন্য যদি একটি আলাদা কর্তৃপক্ষ করে তাদের দায়িত্ব দেওয়া হয়, তবে এটি ভালো অবস্থায় থাকবে। সে ক্ষেত্রে নিরাপত্তা রক্ষার জন্য জনবল নিয়োগ করতে হবে। অবৈধ স্থাপনা অপসারণ করতে হবে। মাদক, জুয়া ও অসামাজিক কাজ বন্ধের জন্য কঠোর ব্যবস্থা নিতে হবে। উদ্যানটিকে সংরক্ষিত এলাকা ঘোষণা করে জনসাধারণের প্রবেশের জন্য সময় নির্ধারিত করে দিতে হবে। নিয়মিত পরিচর্যার ব্যবস্থাও করতে হবে। এসব করা হলে উদ্যানটির সৌন্দর্য রক্ষা করা সম্ভব হবে। উদ্যানটিকে কেপিআই (কি পয়েন্ট ইনস্টলেশন) হিসেবে ঘোষণা করে এটির সংরক্ষণের ব্যবস্থার জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এ মাসের শুরুতে চিঠি পাঠানো হয়েছে। কেপিআই ঘোষণা করা হলে সংরক্ষণ ও পরিচর্যার জন্য আলাদা ব্যবস্থা হবে। আবর্জনা ও অবৈধ স্থাপনা মুক্ত করে এর ভূমিসজ্জার (ল্যান্ডস্কেপ) কাজ করতে হবে। তা না হলে আবর্জনা সরিয়ে বা ল্যান্ডস্কেপের কাজ করে কোনো লাভ হবে না।
এ ছাড়া শিশুপার্ক ও পুলিশ ক্যাম্প সরিয়ে যেখানে বঙ্গবন্ধু ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ দিয়েছিলেন এবং পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেছিল, সেখানে স্থাপনা নির্মাণেরও পরিকল্পনা রয়েছে। তবে কী ধরনের স্থাপনা হবে তা চূড়ান্ত হয়নি। এ জন্য পুলিশ ফাঁড়ি সরানোর প্রয়োজন। ফাঁড়ি সরিয়ে নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে, কিন্তু ফাঁড়ি সরেনি। এসব কাজ সম্পন্ন করে উদ্যানটিকে দৃষ্টিনন্দন করে তুলতে হলে তৃতীয় পর্যায়ে কাজ করতে হবে। তবে প্রকল্পটির তৃতীয় পর্যায়ের কাজ হবে কি না, সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। এ কারণে বিধ্বস্ত সোহরাওয়ার্দী উদ্যানের চেহারা শিগগিরই পাল্টাচ্ছে না।