সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটার প্রতিবাদে উদ্যানের সামনে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন করেছে নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। গাছ কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনাসহ পাঁচ দফা দাবি জানিয়েছে তারা।
ফাউন্ডেশনের দাবিগুলো হচ্ছে গাছ কাটা বন্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে; দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে; যারা গাছ কেটেছে, তাদের কাছ থেকে ক্ষতিপূরণ নিতে হবে এবং উদ্যানের সব অবৈধ স্থাপনা ও মোবাইল কোম্পানির টাওয়ার উচ্ছেদ করতে হবে।
মানববন্ধনে নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনুর সাঈদ রানা বলেন, সম্প্রতি কতিপয় গোষ্ঠী উদ্যানের দেয়াল নির্মাণ করার নামে বড় গাছ কেটে নিয়ে যাচ্ছে। সোহরাওয়ার্দী উদ্যানের সৌন্দর্য নষ্ট করা হচ্ছে। তিনি বলেন, ‘আমরা উন্নয়নকে সাধুবাদ জানাই। কিন্তু তা যেন গাছ কেটে না হয়।’
পরিবেশবিদ এ কে এম সেরাজুল ইসলাম বলেন, ‘গাছ কাটা বন্ধ করা না হলে এখানে শুয়ে থাকব এবং অনশন করব। কারও পেট পূর্ণ করতে গাছ কাটতে দেওয়া হবে না।’