সোহরাওয়ার্দী হাসপাতালে হাট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরের মাঠে বসা শীতবস্ত্র ও কাপড়ের বেশ কিছু দোকানে চলছে বেচাকেনা। গতকাল সকালে তোলা ছবি l আশরাফুল আলম
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরের মাঠে বসা শীতবস্ত্র ও কাপড়ের বেশ কিছু দোকানে চলছে বেচাকেনা। গতকাল সকালে তোলা ছবি l আশরাফুল আলম

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর যেন হাট। শীতবস্ত্র থেকে শুরু করে ডাব, ঝালমুড়ি, স্যান্ডেল—কী নেই সেখানে? রিকশাভ্যান ও মাঠে কাপড় বিছিয়ে চলছে হরেক পণ্যের বিকিকিনি। সব মিলে অর্ধশত দোকান।
হাসপাতালের ফটক পেরিয়ে ভেতরে ঢুকলেই চোখে পড়ে এসব দোকান। জানা গেল, প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত বেচাকেনা চলে। হাসপাতালেরই কিছু লোক টাকার বিনিময়ে দিচ্ছেন এই সুবিধা। ফলে রাজধানীর অন্যান্য সরকারি হাসপাতালে দোকান, হকার প্রাচীর ও ফটকের বাইরে থাকলেও এই হাসপাতালে তা ঢুকে পড়েছে চত্বরে।
সরকারি হাসপাতালে ভিড় কমানোর চেষ্টায় নানা উদ্যোগ নিচ্ছে সরকার। কোনো কোনো হাসপাতালে ঢুকতে হলে রোগীর স্বজনদের টিকিট নিতে হয়। রোগীর সঙ্গে কতজন থাকতে পারবে, তার বাধ্যবাধকতাও আছে কোনো কোনো হাসপাতালে। উদ্দেশ্য, হাসপাতাল পরিচ্ছন্ন রাখা, রোগের সংক্রমণ প্রতিরোধ করা। শান্ত পরিবেশও হাসপাতালের জন্য অপরিহার্য। কিন্তু সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ যেন এ ক্ষেত্রে ব্যতিক্রম। হাসপাতাল চত্বরে হাটের মতো দোকান বসলেও ভ্রুক্ষেপ নেই কর্তৃপক্ষের।
গতকাল সোমবার সকাল ১০টায় সরকারি এই হাসপাতালের ফটক পেরিয়ে ভেতরে ঢুকতেই দেখা যায়, হাসপাতালের মাঠে শীতবস্ত্র ব্যবসায়ীরা পসরা সাজাচ্ছেন। সাড়ে ১০টার মধ্যে মাঠে বসা ১৪টি দোকানে বেচাবিক্রি শুরু হলো। এসব দোকানের ক্রেতা রোগীর স্বজনদের পাশাপাশি পথচারীরাও। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাঠে দোকানের সংখ্যাও বাড়ছে।
হাসপাতালে ঢুকতে হাতের বাঁয়ে রাস্তায় প্রথমে চোখে পড়ে, হাওয়াই মিঠাই নিয়ে বসে আছেন এক ব্যক্তি। এরপর রিকশাভ্যানে করে ডাব বিক্রি করছেন এক যুবক। বললেন, দৈনিক গড়ে ১০০ ডাব বিক্রি হয়। ভ্যানে করে আরও তিনজনকে ডাব বিক্রি করতে দেখা যায়। তাঁদের দুজন বলেন, এখানে ব্যবসা করার জন্য প্রতিদিন তাঁরা টাকা দেন।

কলেজের অধ্যক্ষের কার্যালয়ের কাছে খোলা জায়গায়​ সেলুন l ছবি: প্রথম আলো​
কলেজের অধ্যক্ষের কার্যালয়ের কাছে খোলা জায়গায়​ সেলুন l ছবি: প্রথম আলো​

ভ্যানে বিক্রি হচ্ছে ঝুনা নারকেল, কলা, পেয়ারা, আপেল, বরই। গোটা পাঁচেক ঝালমুড়ি বিক্রেতাকে দেখা গেল। অন্য সব জায়গার মতো এখানেও ফুচকার দোকানে ভিড় বেশি। যন্ত্রে আখ চিপে রস বিক্রি করছেন এক ব্যক্তি, এই শীতেও ক্রেতার অভাব নেই। চা-বিস্কুট-নাশতার দোকান চোখে পড়ল তিনটি। একটি ভ্যানে বিক্রি হচ্ছে প্লাস্টিকের বালতি, মগ, থালা, গ্লাস, জগ, হাতপাখা ইত্যাদি। ভ্যানের ওপর স্যান্ডেলের দোকান, মুঠোফোনে টাকা ভরার তিনটি দোকান। কলেজের অধ্যক্ষের কার্যালয়ের দিকে একজন নাপিতও দোকান খুলে বসেছেন। গুনে দেখা গেছে, দোকানির সংখ্যা ৫১। শীতবস্ত্র ও পোশাকের দোকানগুলো সামনের মাঠে। বাকি দোকানগুলোর অর্ধেক ভ্যানের ওপর, এগুলো প্রাঙ্গণের বিভিন্ন রাস্তায় রাখা। ঝাঁকা বা ঝুড়িতে করেও পণ্য বিক্রি করছেন কেউ কেউ।
অন্তত ১০ জন দোকানির সঙ্গে কথা বলে জানা গেছে, দোকান বসানোর জন্য দৈনিক ভিত্তিতে তাঁদের টাকা দিতে হয়। ‘কাকে টাকা দিতে হয়’—এ প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর কেউ দিলেন না। দুজন বললেন, হাসপাতালের লোক টাকা নেন। সাতজন বললেন, একজন টাকা নিয়ে যান, তবে তাঁর পরিচয় জানেন না। একজন কাপড় বিক্রেতা বলেন, ‘দোকান দিতে চাইলে পরিচালকের অফিসে যোগাযোগ করেন।’
হাসপাতালের পরিচালক অধ্যাপক উত্তম কুমার বড়ুয়া বিদেশে থাকায় এ ব্যাপারে তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক পি কে সাহা প্রথম আলোকে বলেন, ‘পরিচালকের অনুপস্থিতিতে আমি শুধু দৈনন্দিন কাজগুলো দেখাশোনা করছি।’ দোকানপাটের ব্যাপারে তিনি কোনো মন্তব্য করতে অপারগতা জানান।
সন্ধ্যা ছয়টায় মুঠোফোনে যোগাযোগ করলে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমি এখন মন্ত্রণালয়ে আছি। মন্ত্রণালয় থেকে সরাসরি ওই হাসপাতালে যাব। এরপর আপনাকে সব জানাব।’
হাসপাতালের একাধিক জ্যেষ্ঠ চিকিৎসক, কর্মকর্তা ও নার্স বলেছেন, এলাকার প্রভাবশালী ব্যক্তি, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশের যোগসাজশে এসব দোকান চলে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন অধ্যাপক বলেন, ‘হাসপাতালের কেউ জড়িত না থাকলে ভেতরে বাইরের মানুষ ওষুধের দোকান দেয় কীভাবে? হাসপাতালের কক্ষ দখল করে ফটোকপির ব্যবসা করে কীভাবে?’

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের ক্যানটিনের পাশে একটি কক্ষে ফটোকপির দোকান। ছবি: প্রথম আলো​
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের ক্যানটিনের পাশে একটি কক্ষে ফটোকপির দোকান। ছবি: প্রথম আলো​

ওই অধ্যাপকের কথা অনুযায়ী হাসপাতালের উত্তর-পশ্চিম দিকে গিয়ে পাকা ঘর তুলে বড় একটি ওষুধের দোকান দেখা গেল। সূত্র বলেছে, ‘কাজী ফার্মেসী’ নামের ওই দোকানটি দিয়েছেন এলাকার প্রভাবশালী এক ব্যক্তি। ওই দোকানের ছবি তোলার সময় নানা প্রশ্ন করেন দোকানের একাধিক কর্মচারী। একাধিক সূত্র বলেছে, দোকানের মালিক সোহরাওয়ার্দী হাসপাতালসহ আশপাশের একাধিক সরকারি হাসপাতালে সরবরাহের ব্যবসা করেন।
হাসপাতালের ভেতরে ক্যানটিন লাগোয়া একটি কক্ষের ওপরে লেখা ‘ইলেকট্রিক্যাল ম্যাকানিক্যাল রুম-২৬’। এই কক্ষে বহিরাগত একজন ফটোকপির ব্যবসা করেন। ভেতরের আসবাব, জামাকাপড় ও বিছানাপত্র দেখে বোঝা যায়, এখানে কেউ বসবাসও করেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) সাইদুর রহমান সোহরাওয়ার্দী হাসপাতাল পরিদর্শন শেষে গতকাল রাত ১১টায় প্রথম আলোকে বলেন, হাসপাতাল থেকে অবৈধ সব দোকান উচ্ছেদ ও বন্ধ করার উদ্যোগ মঙ্গলবারই (আজ) নেওয়া হবে। এ বিষয়ে নির্দেশনা দিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের চিঠি দেওয়া হবে।