সোহরাওয়ার্দীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ শুরু

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বেলা সাড়ে তিনটায় শুরু হয়েছে বিএনপির বিক্ষোভ সমাবেশ। দুপুরের পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মহানগর বিএনপির নেতা-কর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে উদ্যানে জড়ো হতে শুরু করেন। সেখানে ট্রাকের ওপর তৈরি করা হয়েছে অস্থায়ী মঞ্চ।
মঞ্চে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদসহ কেন্দ্রীয় অনেক নেতা। এ ছাড়া রয়েছেন সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফরহাত কাদের চৌধুরী।
সমাবেশে অংশ নেওয়া নেতা-কর্মীদের হাতে ‘সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট রায় প্রত্যাহার ও তাঁর নিঃশর্ত মুক্তি চাই’, ‘তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন’, রাজনৈতিক সব মামলা প্রত্যাহারের দাবিসংবলিত বিভিন্ন ধরনের ব্যানার দেখা গেছে।
মানবতাবিরোধী অপরাধের দায়ে গত মঙ্গলবার সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসির আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এরপর গতকাল বুধবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় বিএনপি। তারা জানায়, সালাউদ্দিন কাদের সুবিচার পাননি। একই সঙ্গে এ রায় গ্রহণযোগ্যতা হারিয়েছে।
রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূলের চেষ্টা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংসের প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে দলটি।