বিরোধী দলের দিনভর হরতালের মধ্যেই আজ সোমবার রাজধানীতে সাংগঠনিক শক্তি দেখাবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। চলমান উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের দলীয় অবস্থান সুসংহত করতে আজ বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভায় বক্তৃতা করবেন। গতকাল আওয়ামী লীগের এক বিজ্ঞপ্তিতে বলেছে, মানবতাবিরোধী অপরাধীদের বিচার বানচাল, সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট ও গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংস করতে বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাসের প্রতিবাদে এ জনসভা আয়োজন করা হয়েছে। বিরোধী দলের হরতালের মধ্যেই জনসভায় ব্যাপক লোকসমাগমের প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ। প্রস্তুতি হিসেবে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ও ঢাকার পাশের জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে কেন্দ্রীয় নেতারা বৈঠক করেছেন। ঢাকা মহানগরের সাংসদদের সঙ্গে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বৈঠক করেছেন।বৈঠকে বড় ধরনের লোকসমাগমের নির্দেশ দেওয়া হয়েছে।আওয়ামী লীগের নেতারা জানান, জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারকাজ শুরু হওয়ায় উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে দলীয় রাজনৈতিক অবস্থান তুলে ধরবেন। এ ছাড়া বিরোধী দলের সঙ্গে সংলাপসহ নানা বিষয়ে তিনি দলীয় বক্তব্য উপস্থাপন করতে পারেন।আজকের জনসভা সফল করার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ঢাকা মহানগরের সব শাখা, দলীয় সাংসদ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মী, সমর্থক ও সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।