সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ মেলা
জমকালো আলোকসজ্জায় গতকাল শনিবার সন্ধ্যায় সাজিয়ে তোলা হয়েছিল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। ভেতরের পুকুরটির চারপাশে হরেক রঙের আলোর সজ্জা। পশ্চিম পাশে সুবিশাল মঞ্চ। তার দুই পাশ দিয়ে স্টলের সারি। দেখেই মনে হয় জমজমাট আয়োজন। এভাবেই ২৪ ঘণ্টার জন্য ‘বাংলাদেশ মেলা’ শুরু হয়েছে এখানে।মেলার আয়োজন করেছে আজিয়াটা (বাংলাদেশ) লিমিটেড। মেলামঞ্চের গানের অনুষ্ঠান ছিল শ্রোতাদের আকর্ষণের বিষয়। সন্ধ্যায় পপসম্রাটখ্যাত শিল্পী আজম খান ‘রেললাইনের ওই বস্তিতে’সহ বিভিন্ন গান গেয়ে শ্রোতাদের মাতিয়ে তোলেন। মেলায় লোকসমাগম হয়েছিল প্রচুর, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপস্থিতিতে উদ্যানের পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে।মেলায় আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুনীর মোমতাজ প্রথম আলোকে বলেন, ‘উদ্যানের ভেতরে এমন চমত্কার অনুষ্ঠান হচ্ছে জানতাম না। নানা অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে ঐতিহাসিক উদ্যানটির পরিবেশ নষ্ট হতে চলেছে। নিয়মিত এ ধরনের অনুষ্ঠান হলে পরিবেশ ভালো থাকবে।’আয়োজকেরা জানান, আজ রোববার ভোর সোয়া পাঁচটায় মেলামঞ্চে থাকবে বিশেষ অনুষ্ঠান, সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠানমালা শেষ হবে।