সোহরাওয়ার্দী মেডিকেলের পরিচ্ছন্নতা অভিযান
চিকিত্সক, কর্মকর্তা-কর্মচারী, রোগী ও রোগীর স্বজনদের মধ্যে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার সকালে এক শোভাযাত্রার মধ্য দিয়ে এ অভিযানের উদ্বোধন করা হয়।
সকাল নয়টা থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এতে হাসপাতালের প্রশাসনিক ব্যক্তি, চিকিত্সক, কর্মকর্তা-কর্মচারীসহ অনেকে অংশ নেন। ব্যানার নিয়ে তাঁরা হাসপাতালের বিভিন্ন প্রান্ত প্রদক্ষিণ করেন।
হাসপাতাল সূত্র জানায়, হাসপাতাল প্রশাসনের নিজস্ব উদ্যোগে ‘হাসপাতাল পরিষ্কার ও পরিচ্ছন্নতা সপ্তাহ-২০১৪’ নামে অভিযান শুরু হয়েছে। ‘নিজের হাসপাতাল পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন পরিবেশ গড়ি’ শিরোনামে আজ থেকে শুরু হয়ে চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।
অভিযানের অংশ হিসেবে প্রথম কয়েক দিন হাসপাতালের অভ্যন্তরীণ পরিবেশ পরিষ্কার করা হবে। শেষের দিকে হাসপাতালের বাইরে আশপাশের পরিবেশও পরিষ্কার করা হবে। এ ছাড়া পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে হাসপাতালে সচেতনতামূলক প্রচার-প্রচারণাও থাকবে।
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এ কে এম মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘হাসপাতালে চিকিত্সার পাশাপাশি কিছু বর্জ্য তৈরি হয়। এ বর্জ্যগুলো সরিয়ে যাতে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয়, হাসপাতালের নির্দিষ্ট স্থানে যাতে বর্জ্য ফেলা হয়—প্রভৃতি বিষয়ে সচেতনতার লক্ষ্যে আমরা এ অভিযান পরিচালনা করছি। এতে যেমন সবার মধ্যে সচেনতা সৃষ্টি হবে, তেমনি পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে অভ্যাসও গড়ে উঠবে। এতে সারা বছর হাসপাতাল পরিচ্ছন্ন থাকবে।’ প্রতিবছর এভাবে আনুষ্ঠানিকভাবে এ পরিচ্ছন্নতা অভিযান পালন করা হবে বলে জানান তিনি।