রাজধানীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষানবিশ চিকিৎসক নিহত হওয়ার প্রতিবাদে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সামনে মানববন্ধন হয়েছে। বিক্ষুব্ধ সহপাঠী ও শিক্ষার্থীরা আজ বুধবার দুপুরের দিকে এই মানববন্ধন করেন। একপর্যায়ে কিছু সময়ের জন্য কলেজের সামনের সড়ক অবরোধ করা হয়।
পুলিশের ভাষ্য, তৃষ্ণা রানী মোদক (২৭) নিহত হওয়ার প্রতিবাদে আজ দুপুর ১২টার দিকে কলেজের সামনে মানববন্ধন শুরু হয়। এতে কলেজের শিক্ষার্থী ও তৃষ্ণার সহপাঠীরা অংশ নেন। একপর্যায়ে তাঁরা বিক্ষুব্ধ হয়ে সড়কে নেমে আসেন। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজট।
পুলিশ জানায়, আলাপ-আলোচনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থী-সহপাঠীরা বেলা একটার দিকে সড়ক থেকে সরে যান। এরপর যান চলাচল শুরু হয়।
গত সোমবার রাজধানীর কলাবাগানে বাসচাপায় তৃষ্ণা নিহত হন। তিনি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে পাস করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উচ্চতর কোর্স করছিলেন।
বাসসহ চালককে আটক করেছে পুলিশ।