সোহাগ গাজীর সঙ্গে পুলিশের দুর্ব্যবহার
জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সোহাগ গাজীর সঙ্গে রূপনগর থানার কয়েকজন পুলিশ সদস্য দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
সোহাগ গাজী প্রথম আলোকে বলেন, তিনি শিয়ালবাড়ি এলাকায় বাসার গ্যারেজ থেকে গাড়ি বের করে সবেমাত্র বাসার সামনে থাকা সরু গলিতে নামেন। এ সময় পেছন দিক থেকে একটি পুলিশের গাড়ি এসে হর্ন দিতে থাকে। সরু গলি বলে পুলিশের গাড়িকে পাশ দেওয়াও কষ্টকর হয়ে দাঁড়ায়। সোহাগ গাজী আরও জানান, পাশ দিতে দেরি হওয়ায় ওই পুলিশ কর্মকর্তাসহ কয়েকজন পুলিশ সদস্য তাঁর চালকের ওপর ক্ষিপ্ত হয়ে বকাঝকা করতে থাকেন। এতে বাধা দিলে পুলিশ সদস্য তাঁর সঙ্গেও দুর্ব্যবহার করেন।
যোগাযোগ করা হলে মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) ইমতিয়াজ আহমেদ বলেন, ‘শুনেছি বাসার সামনে সোহাগ গাজীর ভাইয়ের গাড়ি পার্ক করা ছিল। ওই সময় পুলিশের গাড়িকে জায়গা ছেড়ে দেওয়া নিয়ে বাগিবতণ্ডা হয়। পুলিশ কর্মকর্তার দুর্ব্যবহারের বিষয়ে অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।’