সোহাগ পরিবহনের শীতাতপ-নিয়ন্ত্রিত একটি বাসে পোকামাকড়ের কারণে প্রতিবেশ দূষণ হওয়ায় ওই পরিবহনকে চার লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। ঘটনাটি উদ্ঘাটন করে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মুহাম্মদ মুনীর চৌধুরী গতকাল মঙ্গলবার ওই প্রতিষ্ঠান থেকে এ জরিমানা আদায় করেন। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পরিবেশ সংরক্ষণ আইন, ২০১০-এর ৭ ধারায় বলা হয়েছে, কোনো একটি এলাকায় স্থানীয় প্রতিবেশ দূষিত ও ধ্বংস করলে তা শাস্তিযোগ্য অপরাধ। এই ধারায় এই জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তর থেকে জানানো হয়, গত ২১ জুন সকাল পৌনে আটটায় সোহাগ পরিবহনের এসপি-১১১ (ঢাকা মেট্রো-১১-৩৩২৭) শীতাতপনিয়ন্ত্রিত ভলভো বাসটি ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে। পথে বাসটি তিনবার যান্ত্রিক ত্রুটির কারণে সোনারগাঁ, গজারিয়া ও দাউদকান্দিতে যাত্রাবিরতি করতে বাধ্য হয়। বাসের কয়েকটি আসন থেকে তেলাপোকা ও ছারপোকার উপদ্রব শুরু হয়, এতে যাত্রীরা অস্বস্তিতে পড়েন। সোহাগ পরিবহনের পক্ষে মহাব্যবস্থাপক (অপারেশন) নাসির উদ্দিন গতকাল অধিদপ্তরের পরিচালকের (এনফোর্সমেন্ট) কাছে উপস্থিত হয়ে ঘটনার দায় স্বীকার করেন এবং জানান, বাসগুলো কীটপতঙ্গমুক্ত করতে একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তারা সঠিকভাবে কাজ করেনি।পরিচালক (এনফোর্সমেন্ট) মুহাম্মদ মুনীর চৌধুরী এ প্রসঙ্গে বলেন, ‘এ ধরনের ঘটনা বাস কর্তৃপক্ষের চরম দায়িত্বহীনতার নামান্তর। কীটপতঙ্গ দূর করার জন্য প্রতিষ্ঠানটির নিজেদেরই ব্যবস্থা নেওয়া উচিত।’