সোহাগপুর বিধবাপল্লিতে বীরকন্যা পল্লি বিদ্যালয়ের যাত্রা শুরু

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর গ্রামের বিধবাপল্লিতে সেনাবাহিনীর উদ্যোগে চালু হয়েছে ‘সোহাগপুর বীরকন্যা পল্লি প্রাথমিক বিদ্যালয়’। টাঙ্গাইলে ঘাটাইল ক্যান্টনমেন্ট সেনাবাহিনীর উদ্যোগে এই বিদ্যালয় নির্মাণ করা হয়েছে।
গত বৃহস্পতিবার বিদ্যালয়টির উদ্বোধন করেন সাবেক সেনাবাহিনীর প্রধান হারুন অর রশিদ। এ সময় ঘাটাইল সেনাবাহিনীর এরিয়া কমান্ডার ও ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়া বেঁচে থাকা বিধবাসহ শহীদ পরিবারের সন্তান ও এলাকাবাসীও উপস্থিত ছিলেন।
শহীদ পরিবারের সদস্যরা জানান, ১৯৭১ সালে সোহাগপুর গ্রামে পাকিস্তানি বাহিনী ও রাজাকারেরা হামলা চালিয়ে ১৭৮ জন নিরীহ গ্রামবাসীকে নির্বিচারে হত্যা করে। সোহাগপুরের বেনুপাড়ার সব পুরুষকে হত্যা করায় স্বাধীনতার পর বেনুপাড়ার বদলে এটি বিধবাপল্লি হিসেবে পরিচিতি পায়। এলাকাবাসী দীর্ঘদিন ধরে সোহাগপুর বিধবাপল্লিতে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য দাবি জানিয়ে আসছিলেন।
সেই দাবির পরিপ্রেক্ষিতে শহীদ পরিবার কল্যাণ সমিতির সভাপতি মো.জালাল উদ্দিন বিদ্যালয় স্থাপনের জন্য ৪০ শতাংশ জমি দান করেন। এরপর সেনাবাহিনীর উদ্যোগে সেখানে আধা পাকা স্কুলটি নির্মাণ করা হয়। স্কুলে দুটি শ্রেণিকক্ষ ও একটি শিক্ষক কার্যালয় স্থাপন করা হয়েছে। বিদ্যালয়ে দুই ধাপে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান করানো হবে।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি জালাল উদ্দিন প্রথম আলোকে বলেন, স্বাধীনতার পর থেকেই এই বিধবাপল্লিতে একটি স্কুল প্রতিষ্ঠার ইচ্ছা ছিল সবার। সেনাবাহিনীর উদ্যোগে এলাকাবাসীর সেই ইচ্ছা পূরণ হয়েছে। এই স্কুলের মাধ্যমে একাত্তরের শহীদ ও বিধবারা বেঁচে থাকবেন। স্কুলটি প্রতিষ্ঠিত হওয়ায় আমরা সবাই আনন্দিত।