শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর গণহত্যা দিবস আজ শনিবার ২৫ জুলাই। ১৯৭১ সালের এই দিনে হানাদার বাহিনী সোহাগপুর গ্রামের ১৮৭ জন বাসিন্দাকে হত্যা করে। এ ঘটনায় বিধবা হন ওই
গ্রামের ৫৭ জন নারী। এ জন্য গ্রামের নাম দেওয়া হয়েছে বিধবাপল্লি। এঁদের মধ্যে বেঁচে আছেন ৩২ জন। স্বজনদের হত্যার বিচার পেলেও তাঁদের দিন কাটছে কষ্টে। টাকার অভাবে তাঁরা চিকিৎসা করাতে পারছেন না।
বিধবাপল্লি কল্যাণ সমিতি সূত্রে জানা গেছে, মুক্তিযুদ্ধ চলাকালে স্থানীয় রাজাকার ও হানাদার বাহিনী সোহাগপুর গ্রামের সব পুরুষকে হত্যা করে। এ সময় ধর্ষণের শিকার হন ১৩ জন নারী। এ গ্রামের ৩২ জন বিধবা নারীর প্রত্যেকে ট্রাস্ট ব্যাংক থেকে দুই হাজার টাকা, বেসরকারি সংস্থা ব্র্যাক থেকে ৪০০ ও সরকার থেকে বয়স্ক ভাতা হিসেবে ৪০০ টাকা করে পান। বাড়িঘর না থাকায় এর মধ্যে চারজন আবার অন্যের বাড়িতে থাকেন। দুই হাজার ৮০০ টাকায় কোনোমতে এসব বিধবার চাল কেনা সম্ভব হলেও রোগের ওষুধ জোটে না। সোহাগপুরে গণহত্যা ও ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের ফাঁসি হয়েছে। এই বিচারে বিধবারা খুশি হয়েছেন। তবে অর্থের অভাবে তাঁরা ওষুধ ও চিকিৎসা করাতে পারছেন না।
সরেজমিনে দেখা গেছে, দিলমণি রাকশাম নামের এক বিধবা শয্যাশায়ী। আরেক বিধবা হাজেরা বেগমের বাঁ পা অবশ হয়ে গেছে। অর্থাভাবে এখনো চিকিৎসা করাতে পারেননি।
বিধবা মহিরন বেগম (৬৫) বলেন,‘ আমরা স্বামী সন্তান হারানির বিচার পাইছি। কিন্তু আমগর সইলে আগের মতো জুর না থাহুনে কাম কাজ করবার পাই না। অভাবের মধ্যে কোনো রহম দিন চলে। সবার বয়স অইছে। ঠিকমতো চলবার ফিরবারও পাই না। অহন যদি আমগেনও সরকার একটু দয়া করত। ’
জবেদা খাতুন (৬৫) বলেন,‘ অন্যের বাড়িত থাহি। ভাতার টেহায় কোনো রহম খাওন চলে। চিকিৎসা করাইবার পাই না। সরকারের যদি আমগে ও সহযোগিতা করত। তাইলে বিরাট উপকার অইত।’