সোহাগপুরে গণজাগরণ মঞ্চের নববর্ষ উদ্যাপন
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর গ্রামের একাত্তরের বিধবা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে গত মঙ্গলবার নববর্ষ উদ্যাপন করেছেন গণজাগরণ মঞ্চের সদস্যরা। সেখানে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ, বিধবাদের উপহারসামগ্রী দেওয়া, মিষ্টি মুখ করানো, পান্তা-ইলিশ খাওয়ান মঞ্চের কর্মীরা।
পরে এক আলোচনা সভায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, সোহাগপুরের এই বিধবাদের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে।
১৯৭১ সালের ২৫ জুলাই ভোরে সোহাগপুর গ্রামে ১২০ জন পুরুষকে হত্যা ও কয়েকজন নারীকে ধর্ষণ করা হয়। এর পরিকল্পনা, সহায়তা ও অংশগ্রহণের দায়ে গত শনিবার রাতে একাত্তরের আলবদর কমান্ডার ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির দণ্ড ঢাকা কেন্দ্রীয় কারাগারে কার্যকর করা হয়। সেই রাতেই এবারের নববর্ষ সোহাগপুরের বিধবাদের সঙ্গে উদ্যাপনের ঘোষণা দিয়েছিল গণজাগরণ মঞ্চ।
পূর্ব ঘোষণা অনুযায়ী, ইমরান এইচ সরকার মঙ্গলবার বেলা একটার দিকে শতাধিক কর্মী নিয়ে সোহাগপুর গ্রামে আসেন। প্রথমে তিনি গ্রামের শহীদ স্মৃতিফলকের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে অন্তত ২৮ জন বিধবার হাতে ফুল, শাড়ি, গামছা, বিছানার চাদর ও সাবানসহ নববর্ষের উপহারসামগ্রী তুলে দেন। বিধবাদের কাছ থেকে একাত্তরে স্বামী হারানো ও এরপর তাঁদের দুর্বিষহ বেদনার জীবনসংগ্রামের বর্ণনা শোনেন। এ ছাড়া তাঁদের সঙ্গে ইলিশ ভাজা দিয়ে পান্তা ভাত খেয়ে পয়লা বৈশাখ উদ্যাপন করেন।
গণজাগরণ মঞ্চের কর্মীরা আসছেন, শোনার পর মঙ্গলবার সকাল থেকেই আশপাশের গ্রামের শত শত মানুষ সোহাগপুর গ্রামে জড়ো হতে থাকে। পরে এ সংখ্যা কয়েক হাজারে দাঁড়ায়। মঞ্চের কর্মীরা বেলা তিনটার দিকে সোহাগপুর ত্যাগ করেন।