সোহাগী হত্যার বিচার দাবিতে কুমিল্লায় মহাসড়ক অবরোধ
কলেজছাত্রী সোহাগী জাহান (তনু) হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষোভকারীরা।
আজ রোববার বেলা ১১টার দিকে কয়েক শ বিক্ষোভকারী উপজেলার নন্দনপুর এলাকায় মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
একই দাবিতে আজ ঢাকা থেকে কুমিল্লা অভিমুখে রোডমার্চ করছে গণজাগরণ মঞ্চ।
২০ মার্চ রাত সাড়ে ১০টায় কুমিল্লা সেনানিবাসের পাহাড় হাউস এলাকায় সোহাগীর লাশ পাওয়া যায়। তিনি কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী ছিলেন। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় শুরু হয়। হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালিত হচ্ছে।
সোহাগীর বাবা ইয়ার হোসেন অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলাটি গত শুক্রবার পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
হত্যাকাণ্ডের তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এদিকে শুক্র ও শনিবার সোহাগীর পরিবারের সদস্যদের বাড়ি থেকে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন র্যাব ও পুলিশের সদস্যরা।
আরও পড়ুন: