সোহাগী হত্যার বিচার দাবিতে গণজাগরণ মঞ্চের রোডমার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান (তনু) হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে ঢাকা থেকে কুমিল্লা অভিমুখে রোডমার্চ করছে গণজাগরণ মঞ্চ।

আজ সকালে রাজধানীর শাহবাগ থেকে এই কর্মসূচি শুরু হয়। এর আগে শাহবাগে বিক্ষোভ করেন গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা।

মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার প্রথম আলোকে বলেন, সপ্তাহখানেক আগে সোহাগী হত্যাকাণ্ড ঘটল। এত দিনেও এই হত্যাকাণ্ডের তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। এ ব্যাপারে দায়িত্বশীল কেউ বক্তব্য দিচ্ছেন না। অথচ, সোহাগীর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ইমরান বলেন, এই ঘটনা উদ্‌ঘাটনে এত সময় লাগার কথা নয়। এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাফিলতি আছে।

ইমরান বলেন, সোহাগী হত্যাকাণ্ডের ব্যাপারে সোচ্চার না হলে একই ধরনের ঘটনা বারবার ঘটতে থাকবে। এ কারণে গণজাগরণ মঞ্চ সোচ্চার হয়েছে। এই আন্দোলনের সঙ্গে তাঁরা সারা দেশের মানুষকে যুক্ত করতে চান।

একই দাবিতে স্বপ্নলোক নামের আরেকটি সংগঠন আজ শাহবাগ থেকে উত্তরা পর্যন্ত রোডমার্চ করছে।

২০ মার্চ রাত সাড়ে ১০টায় কুমিল্লা সেনানিবাসের পাহাড় হাউস এলাকায় সোহাগীর লাশ পাওয়া যায়। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় শুরু হয়।

সোহাগীর বাবা ইয়ার হোসেন অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলাটি গত শুক্রবার পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

হত্যাকাণ্ডের তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এদিকে শুক্র ও শনিবার সোহাগীর পরিবারের সদস্যদের বাড়ি থেকে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন র‍্যাব ও পুলিশের সদস্যরা।

হত্যার বিচার চেয়ে গতকালও ছাত্র-জনতা কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকায় বিক্ষোভ করেছে। প্রতিবাদ-বিক্ষোভ অব্যাহত আছে রাজধানীসহ দেশের কয়েকটি স্থানে।

আরও পড়ুন: