সোহাগী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাসহ দেশের বিভিন্ন জায়গায় শিশু হত্যা, গুম, অপহরণ, নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের মোক্তারপাড়া এলাকায় পৌরসভার সামনের সড়কে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নেত্রকোনা জেলা শাখা ও নেত্রকোনা নিউজ টুয়েন্টি ফোর ডটকম যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করেছে। এতে শিক্ষক, শিক্ষার্থী, উন্নয়নকর্মী, সাংবাদিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, মানবাধিকারকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।
কুমিল্লার ময়নামতি সেনানিবাসের পাহাড় হাউসের লাগোয়া কালভার্টের কাছাকাছি ঝোপে গত রোববার রাত সাড়ে ১০টায় সোহাগীর লাশ পাওয়া যায়। ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করেছে বলে পুলিশের ধারণা। এ ঘটনায় সোহাগীর বাবা ইয়ার হোসেন কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ গত চার দিনেও ওই হত্যাকাণ্ডে জড়িত কাউকে চিহ্নিত বা গ্রেপ্তার করতে পারেনি।
সমাবেশে সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার বলেন, ‘আমাদের নারীদের নিরাপত্তা কোথায়? আমাদের নিরাপত্তা আমরাই নেব।’
মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য দেন সুজন জেলা কমিটির সভাপতি শ্যামলেন্দু পাল, নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি কামরুজ্জামান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সহসভাপতি হায়দার জাহান চৌধুরী, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, বাংলার নেত্র পত্রিকার সম্পাদক কামাল হোসেন, প্রথম আলো বন্ধুসভার জেলা কমিটির উপদেষ্টা সাইফুল্লাহ এমরান, কলেজশিক্ষক আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নেত্রকোনা জেলা শাখার সভাপতি আলপনা বেগম, মানবাধিকার নাট্য পরিষদ জেলা শাখার সভাপতি সালাহ উদ্দিন খান, শিক্ষার্থী সিফাত জাহান প্রমুখ।
আরও জানতে পড়ুন:
ছাত্রী হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ