ঢাকার কেরানীগঞ্জে এসিডে চারজন দগ্ধ হওয়ার ঘটনায় আসামি মো. সোহেলকে এবার দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সোহেলকে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। গত ১০ ডিসেম্বর কেরানীগঞ্জের উত্তর বাহেরচর গ্রামে দুর্বৃত্তদের ছোড়া এসিডে এক শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়। এ ঘটনায় এসিড দগ্ধ তিন বোনের বড় ভাই বোরহান উদ্দিন চারজনকে আসামি করে মামলা করেন। গত ১৭ ডিসেম্বর সোহেলকে গ্রেপ্তার করা হয়।মামলার তদন্ত কর্মকর্তা ও কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ রোমন বলেন, সোহেল ধুরন্ধর প্রকৃতির। একেক সময় একেক ধরনের তথ্য দিচ্ছে। সেসব তথ্য যাচাইবাছাই করা হচ্ছে। তাকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন। এসিড হামলায় আরও কয়েকজনের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।