সোহেল তাজ এখনো স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি ওয়েবসাইটের মন্ত্রিপরিষদ বিভাগের তালিকা অনুযায়ী, তানজিম আহমদ সোহেল তাজ এখনো স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। এই তালিকায় প্রতিমন্ত্রী হিসেবে শামসুল হকের নামও উল্লেখ আছে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রতিমন্ত্রী হিসেবে কারও নাম নেই। আবার মন্ত্রিপরিষদের আরেকটি তালিকায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শামসুল হকের নাম আছে।http://www.cabinet.gov.bd/view_present_portfolios.php?page=mini_portfolioes—এই ঠিকানার সরকারি ওয়েবসাইটে গতকাল রোববার রাত ১২টা পর্যন্ত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে ২৮ নম্বরে তানজিম আহমদ সোহেল তাজের নাম দেখা গেছে। তাঁর শপথ গ্রহণের তারিখ উল্লেখ আছে ৬ জানুয়ারি ২০০৯। একই ওয়েবসাইটে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শামসুল হকের নাম আছে ৩৭ নম্বরে। এই পদে তাঁর শপথের তারিখ উল্লেখ আছে ৩১ জুলাই ২০০৯। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে জয়লাভের পর ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ সরকার গঠন করে। শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ নেয়। ওই দিন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে সোহেল তাজ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। মে মাসে তিনি পদত্যাগ করেন। এ নিয়ে সে সময় নানা নাটকও হয়। এরপর নতুন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পান শামসুল হক।এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব আবদুল আজিজ বলেন, সোহেল তাজ পদত্যাগ করেছেন। তাই তিনি আর প্রতিমন্ত্রী নেই।সোহেল তাজ দেশে ফিরছেন বুধবার: আমাদের নিউইয়র্ক প্রতিনিধি জানান, সরকারদলীয় সাংসদ সোহেল তাজ আগামী বুধবার সকালে যুক্তরাষ্ট্র থেকে ঢাকা পৌঁছাবেন। আজ সোমবার ওয়াশিংটনের ডুলাস বিমানবন্দর থেকে দেশের পথে তাঁর রওনা হওয়ার কথা। তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়ে জুন মাসে যুক্তরাষ্ট্রে আসেন। প্রায় সাত মাস তিনি ম্যারিল্যান্ডে বসবাসরত স্ত্রী ও সন্তানদের সঙ্গে কাটান।শেখ হাসিনা এর মধ্যে যুক্তরাষ্ট্র সফরে এলেও তাঁর সঙ্গে দেখা করেননি সোহেল তাজ। তাঁর পদত্যাগপত্র নিয়ে সরকারের কোনো প্রকাশ্য ঘোষণা না থাকায় এ নিয়ে সর্বত্র রহস্য বিরাজ করছে। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ১৯ জুলাই সোহেল তাজ বলেছেন, প্রধানমন্ত্রীর মাধ্যমে রাষ্ট্রপতির কাছে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। সংবিধান অনুযায়ী পদত্যাগপত্র দেওয়ার সময় থেকেই তিনি আর মন্ত্রী নন।