সোহেল তাজের পদত্যাগে কাপাসিয়াবাসী ও নেতা-কর্মীরা বিসিঞ্চত
গাজীপুরের কাপাসিয়া নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত সংসদ সদস্য তানজিম আহমদ সোহেল তাজ গতকাল সোমবার পদত্যাগ করায় স্থানীয় নেতা-কর্মীরা বিসিঞ্চত হয়েছেন। তাঁর পদত্যাগে এলাকাবাসী মর্মাহত। তিনি তাঁর সিদ্ধান্ত প্রত্যাহার করবেন বলে আশা করে কাপাসিয়াবাসী। কাপাসিয়া থানা আওয়ামী লীগের সভাপতি মো. আজগর রশীদ খান জানান, এর আগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকাকালেও একইভাবে তিনি হঠাৎ পদত্যাগ করেছিলেন। তবে আবেগপ্রবণ হলেও তিনি একজন সৎ ও নিষ্ঠাবান মানুষ। কিন্তু সংসদ সদস্য পদে কেন তিনি বিরক্ত বোধ করেছেন, তা তাঁর জানা নেই। আজগর রশীদ আরও জানান, গতকাল সোমবার দুপুরে সোহেল তাজের কাছে পদত্যাগের ব্যাপারে জানতে ফোন করলেও তিনি তা ধরেননি। তিনি সর্বশেষ গত শনিবার মুঠোফোনে তাজের সঙ্গে কথা বলেছেন। তখন পদত্যাগের বিষয়ে তিনি কিছু বলেননি। কাপাসিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন জানান, সোহেল তাজের পদত্যাগের খবরে এলাকাবাসী হতবাক। তিনি পদত্যাগ করে ভোটার তথা এলাকাবাসীকে অবমূল্যায়ন করেছেন। কাপাসিয়ার নাগরিক ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোমতাজ উদ্দিন মেহেদী জানান, পদত্যাগ করে কোনো সমস্যার সমাধান হয় না। এতে সমস্যা আরও বাড়ে। তিনি যদি জনগণের পাশে থেকে দায়িত্ব পালন করতেন, তাহলে এলাকার জনগণের জন্য মঙ্গল হতো। গাজীপুর-৪ আসনে (কাপাসিয়া) সোহেল তাজের নির্বাচনী প্রতিপক্ষ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেন, ‘সোহেল তাজ একজন রাজনৈতিক পরিবারের মানুষ। মন্ত্রিত্ব ও সাংসদ পদের চেয়ে আত্মসন্মান বড়, এ উপলব্ধি থেকে তিনি পদত্যাগ করায় আমি তাঁকে সাধুবাদ জানাই।’